আপডেট : ১৭ March ২০১৯
অনেকটা চুপিসারেই মুক্তি পেল শাহরিয়াজ ও রাহা তানহা খান অভিনীত ‘বউ বাজার’ ছবিটি। মুকুল নেত্রবাদী পরিচালিত এ ছবিটি সারা দেশে ২৫টি সিনেমা হলে মুক্তি পেয়েছে গতকাল শুক্রবার। এ বিষয়ে পরিচালক বলেন, ৪০টি সিনেমা হলে ছবিটি মুক্তি দেওয়ার কথা ঘোষণা দিয়েছিলাম। তবে ৪০টির মধ্যে ১৫টি সিনেমা হল ছবিটি পেনড্রাইভে চালাতে চায়। যে কারণে আমরা ১৫টি সিনেমা হল বাদ দিয়েছি। কারণ, পেনড্রাইভে ছবি মুক্তি পেলে পাইরেসি হওয়ার ভয় থাকে। ছবিটি নিয়ে নায়িকা রাহা তানহা খান বলেন, ‘এটি একটি কমেডিনির্ভর ছবি। বাজারে এখন যেসব ছবি চলছে, তাদের বেশিরভাগই অ্যাকশননির্ভর ছবি। আমি মনে করি, সব ধরনের ছবি দেখার দর্শক আমাদের দেশে রয়েছে। এই ছবি দেখেও পছন্দ করবেন সবাই।’ ছবির নায়ক শাহরিয়াজ বলেন, ‘ঢাকার সিনেমা ইন্ডাস্ট্রিতে এখন খরা চলছে। আমার বিশ্বাস ছবিটি দর্শকরা দেখবেন ও উপভোগ করবেন। চলচ্চিত্রের দুর্দিনে আমার ছবিটা কিছুটা হলেও ভূমিকা রাখবে। সবাইকে আমাদের ছবিটি দেখার আমন্ত্রণ জানাই।’ ছবির গল্পে দেখা যাবে, শাহরিয়াজ বিয়ে করতে চাচ্ছেন না, কিন্তু তার পরিবার বিয়ের জন্য নানাভাবে চাপ দেয়। এদিকে ধনী পরিবারের মেয়ে রাহা। তার বিয়ে নিয়েও বিভিন্ন সমস্যা। এক দিন বউ বাজার ঘুরতে যান শাহরিয়াজ। একই দিনে রাহার কৌতূহল হয় ওই বাজারে আদৌ বউ পাওয়া যায় কি না, সেটা দেখতে যাওয়ার। গায়ের রং বদলে কালো মেয়ের সাজে সেখানে যান তিনি। এরপর ইভটিজারের কবলে পড়েন রাহা। এক সময় তিনি প্রতিবাদ করেন। দূর থেকে দেখে এই কালো মেয়ের প্রেমে পড়েন শাহরিয়াজ। তারপর নানা মজার ঘটনার মধ্য দিয়ে এগিয়েছে এ সিনেমার গল্প।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১