বাংলাদেশের খবর

আপডেট : ০৮ January ২০১৯

সাতক্ষীরায় মাটির নিচে শত বছরের পুরনো সিন্দুক

মাটির নিচে পাওয়া শত বছরের সিন্দুক ছবি: বাংলাদেশের খবর


পুরনো একটি ভবন ভাঙতে গিয়ে সাতক্ষীরার তালা উপজেলায় শতবছরের পুরনো একটি সিন্দুকের দেখা মিলেছে। সোমবার বিকালে এ সিন্দুকের সন্ধান পাওয়া যায়

এ সিন্দুকের ভেতরে কী আছে - সেটি এখন স্থানীয় মানুষের মাঝে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে।

উপজেলার ইসলামকাটী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে পুরাতন ভবনের মাটির নিচ থেকে খুজে পাওয়া গেছে এ লোহার সিন্দুকটি। এ খবর ছড়িয়ে পড়লে একপলক দেখা ও জানার জন্য ভিড় জমায় এলাকার শত শত মানুষ।

তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন, তালা থানা অফিসার ইনচার্জ মেহেদী রাসেল, সহকারী কমিশনার (ভুমি) অনিমেষ বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় সুত্রে জানা যায়, ১৯২৬ সালে নির্মিত এই ভবনটিতে সাব-রেজিস্ট্রি কার্যালয়ের কার্যক্রম পরিচালনা করা হতো এবং এর একটি কক্ষে চলতো পোস্ট অফিসের কার্যক্রম। দুটি প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মিত হওয়ায় ভবনটি গত এক বছর পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। সম্প্রতি ভবনটি অপসারণের উদ্যোগ নেয় সাতক্ষীরা গণপূর্ত বিভাগ।

ঠিকাদারী প্রতিষ্ঠান ভবনটি অপসারনের জন্য মাটি খুঁড়তে গিয়ে সোমবার বিকালে প্রায় একশ বছরের পুরাতন একটি লোহার সিন্দুকের সন্ধান পাওয়া যায়। সিন্দুকের ভেতরে কি রয়েছে তা নিশ্চিত করে কেউ জানাতে পারেনি।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, সিন্দুকটি পাওয়ার খবর শুনে ঘটনাস্থলে যাই। এটি সিলগালা করে সাতক্ষীরা ট্রেজারিতে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১