বাংলাদেশের খবর

আপডেট : ২১ December ২০১৮

তিন দিন ক্যাম্পের বাইরে বের হতে পারবে না রোহিঙ্গারা

পাহাড়ের ঢালে রোহিঙ্গা ক্যাম্প সংগৃহীত ছবি


ভোটের সময় তিন দিন রোহিঙ্গারা ক্যাম্পের বাইরে বের হতে পারবে না। রোহিঙ্গাদের ভোট যাতে কেউ ব্যবহার করতে না পারে, তার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশ প্রধানসহ সরকারের সংশ্লিষ্ট দফতরগুলোকে চিঠি দিয়েছে ইসি। আজ শুক্রবার নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

নির্দেশনা সংক্রান্ত চিঠি পররাষ্ট্র সচিব, পুলিশের  মহাপরিদর্শক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, কক্সবাজার  শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, চট্টগ্রাম রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শক, কক্সবাজারের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক, কক্সবাজার পুলিশ সুপার চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের যেন কোনো প্রার্থী পক্ষে-বিপক্ষে ব্যবহার করতে না পারে। তারা যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, অথবা কোনো দুষ্কৃতিকারী তাদেরকে ব্যবহার করতে না পারে। সেজন্য বিশেষ দৃষ্টি রাখা প্রয়োজন। এ লক্ষ্যে কোনো রহিঙ্গা যেন ২৯ ডিসেম্বর সন্ধ্যা সাতটা থেকে ৩১ ডিসেম্বর সকাল আটটা পর্যন্ত ক্যাম্পের চৌহদ্দি থেকে বের হতে না পারে, অথবা অন্যত্র গমন করতে না পারে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে।

নির্দেশনায় আরো বলা হয়, এই সময়ের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে যাতে কোনো এনজিও বা স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী প্রবেশ করতে না পারে, তার জন্যও নির্দেশনা প্রদান করা হয়েছে। তবে খাদ্য, ত্রাণ বা জরুরি স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ক্যাম্পে প্রবেশের  নিষেধাজ্ঞা বহির্ভূত রাখা যেতে পারে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১