সারা দেশ

চুয়েটে নির্মিত হচ্ছে আইটি বিজনেস ইনকিউবেটর

  • প্রকাশিত ২৮ জুন, ২০১৯

বিশ্ববিদ্যালয় পর্যায়ে দেশের প্রথম আইটি বিজনেস ইনকিউবেটর নির্মাণ করা হচ্ছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)। জুলাইয়ের প্রথম দিকে চুয়েটের ৫ একর জমিতে এ আইটি বিজনেস ইনকিউবেটর নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রকল্প সূত্রে জানা গেছে, তথ্যপ্রযুক্তি খাতে দেশীয় সক্ষমতা যুগোপযোগী করতে এবং এ খাতে দক্ষ জনবল গড়ে তুলতে চুয়েটে আইটি বিজনেস ইনকিউবেটর নির্মাণের প্রকল্প হাতে নেয় সরকার। ২০১৭ সালের ৬ জুন একনেকের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রকল্পের অনুমোদন দেন।

বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ২০১৮ সালের জুলাই থেকে ২০১৯-এর জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। সে সময় এ প্রকল্পের ব্যয় ধরা হয় ৭৬ কোটি ৯১ লাখ টাকা। তবে প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার বদলি, পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগে জটিলতাসহ নানা কারণে আইটি বিজনেস ইনকিউবেটর নির্মাণের কাজ নির্ধারিত সময়ে শুরু করা যায়নি। সম্প্রতি এসব জটিলতা কাটিয়ে জুলাইয়ের প্রথম দিকে নির্মাণকাজ শুরুর কথা জানিয়েছেন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক।

তিনি জানান, কয়েক বছর আগে চুয়েটে আইটি বিজনেস ইনকিউবেটর নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও নানা জটিলতায় তা আটকে ছিল। সম্প্রতি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ঐকান্তিক চেষ্টায় আমরা এসব জটিলতা কাটিয়ে উঠেছি। আশা করছি, জুলাইয়ের প্রথম দিকে দেশের প্রথম এ আইটি বিজনেস ইনকিউবেটর নির্মাণের কাজ শুরু করা সম্ভব হবে।

এক প্রশ্নের উত্তরে অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক বলেন, প্রকল্প হাতে নেওয়ার কয়েক বছর পর নির্মাণকাজ শুরু হচ্ছে-এ কারণে নির্মাণ ব্যয় হয়তো কিছুটা বাড়বে। সংশ্লিষ্ট দপ্তরে সংশোধিত নির্মাণ ব্যয় অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। তাই জুলাইয়ে কাজ শুরু করতে কোনো সমস্যা হবে না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads