আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে তুরঙ্গমীর নতুন প্রযোজনা ‘হো চি মিন’-এর উদ্বোধনী মঞ্চায়ন হতে যাচ্ছে। ভিয়েতনামের জাতির পিতা, কিংবদন্তি নেতা হো চি মিনের জীবন, সংগ্রাম ও জীবন দর্শনের ওপর ভিত্তি করেই ‘হো চি মিন’ প্রযোজনাটি নির্মিত হয়েছে। এখানে হো চি মিনের পাশাপাশি একটি বিশেষ মুহূর্তে দেখা যাবে আরেক কিংবদন্তি নেতা ভ্লাদিমির লেনিনকে। কোনো রাজনৈতিক নেতার জীবনদর্শনকে কেন্দ্র করে তৈরি এটিই বিশ্বের প্রথম আত্মজীবনীমূলক ড্যান্স থিয়েটার।
প্রদর্শনীগুলো দর্শনীর বিনিময়ে সবার জন্য উন্মুক্ত। প্রযোজনার অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে বিশ্বরঙ, ঢাকার সব আউটলেটে, নিউ ইস্কাটনের স্টুডিও পদ্মাতে এবং শো-এর আগে জাতীয় নাট্যশালার টিকিট কাউন্টারে।
২১ জানুয়ারি ২০১৫ পূজা সেনগুপ্তের নির্দেশনায়, তুরঙ্গমী বাংলাদেশের প্রথম ড্যান্স থিয়েটার ‘ওয়াটারনেস’ মঞ্চে আনে। মাঝে বেশ কিছু স্বল্পদৈর্ঘ্যের প্রযোজনা নির্মাণ করলেও, চার বছর বিরতির পর ‘হো চি মিন’ প্রযোজনার মধ্য দিয়ে আবারো পূর্ণদৈর্ঘ্যের ড্যান্স থিয়েটার মঞ্চে আনছে তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটার। মূল ভাবনা, পাণ্ডুলিপি, নকশা, নৃত্য নির্মাণ ও নির্দেশনায় পূজা সেনগুপ্ত। সংগীত পরিচালনায় সুমন সরকার। প্রযোজনাটি নির্মাণে পৃষ্ঠপোষকতা করেছে ভিয়েতনাম সরকার এবং দূতাবাস, বাংলাদেশ।





