ধর্ম

ইসলামের ইতিহাসে অন্যতম

‘মুসলিম উম্মাহর ইতিহাস’

  • প্রকাশিত ১৮ মার্চ, ২০২১

মুজীব রাহমান

 

 

 

‘মুসলিম উম্মাহর ইতিহাস’ এটা অনূদিত ‘তারিখে উম্মতে মুসলিমাহ’ বইয়ের। যা চার খণ্ডে প্রায় চার হাজার পৃষ্ঠার ইতিহাস বিষয়ক বিশাল গ্রন্থটি প্রকাশ করেছে করাচির ‘আলমানহাল পাবলিশার্স’। উর্দু ভাষায় প্রকাশ হওয়ার পরপরই পাকিস্তান ও উর্দুভাষাভাষী ইতিহাসপ্রিয় মানুষের কাছে খুবই জনপ্রিয়তা অর্জন করে বইটি। বইটির নির্বাচিত কিছু অংশ পড়ার পর খুবই আনন্দ প্রকাশ করেছেন শায়খুল ইসলাম মুফতী মুহাম্মদ তাকি উসমানি (হা. ফি.)। খুশি হয়ে বইটির ভূমিকাও লেখে দিয়েছেন তিনি। ভূমিকার এক জায়গায় তিনি লিখেছেন, ‘আমি এই কিতাবে হজরত উসমান (রা.) থেকে নিয়ে আব্দুল্লাহ বিন জুবাইর (রা.)-এর সময়কাল পর্যন্ত আদ্যোপান্ত পাঠ করি। আমি যারপরনাই আনন্দিত হই, আল্লাহতায়ালার বিশেষ দয়া ও অনুগ্রহ যে, গ্রন্থকার রেওয়ায়েতসমূহ চুলচেড়া  বিশ্লেষণ করে ইসলামী ইতিহাসের  এমন স্পর্শকাতর  যুগের প্রকৃততত্ত্ব তুলে ধরেছেন, সত্যিই  আল্লাহতায়ালা  বিশেষ রহমতে তাকে আচ্ছাদিত করেছেন।

বইটির নাম ইসলামের ইতিহাস না রেখে ‘তারিখে উম্মতে মুসলিমাহ’ তথা মুুসলিম উম্মাহর ইতিহাস রেখে প্রজ্ঞার পরিচয় দিয়েছেন লেখক। ইসলামের ইতিহাস নামকরণ দ্বারা গোচরে কিংবা অগোচরে এই ধারণা তৈরি হতো যে, ইতিহাসে যা কিছু রয়েছে সবই ইসলামের দাবি। এর ফলে অনেক রাজা-বাদশাহর কর্মকাণ্ডও ইসলামের দিকে সম্বন্ধিত হয়ে যাবে। অপরদিকে  মুসলিম উম্মাহর ইতিহাস শিরোনাম দ্বারা এটি পরিষ্কার হলো, এটি মুসলমানদের ইতিহাস এবং তাদের সকল কাজ ইসলামের দিকে সম্বন্ধ করা যায় না।

তারিখে উম্মতে মুসলিমাহ। বইটির লেখক মাওলানা ইসমাইল রেহান। সময়ের অন্যতম প্রসিদ্ধ ও বিশ্বস্ত ইতিহাসবিদ। উম্মাহর দরদ-ব্যাথা অন্তরে প্রবলভাবে লালনকারী। বিজয়ের শতাব্দীতে উম্মাহর সন্তানের পুরোনো সেই সোনালী দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যেতে যিনি নিজের জীবনকে ওয়াকফ করে দিয়েছেন। লেখকের মূল নাম মুহাম্মদ ইসমাইল। লেখালেখিতে এসে ব্যবহার শুরু করেন মুহাম্মদ ইসমাইল রেহান। পরবর্তীতে এই নামেই প্রসিদ্ধি পান। তাঁর জন্ম ১৯৭১ সালের পহেলা ফেব্রুয়ারি।  পাকিস্তানের করাচি শহরে। তার বেড়ে উঠা সাধারণ এক দীনি পরিবারে। তার প্রাথমিক ও মাধ্যমিক লেখাপড়া স্কুল ও কলেজে। মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ থেকে ১৯৮৬ সালে উত্তীর্ণ হওয়ার পর ভর্তি হোন মাদরাসায়। মাদরাসায় এসে হিফজ সমাপ্ত করে ১৯৯৫ সালে তাকমিলও সমাপ্ত করেন। ২০১০ সালে করাচির উর্দু বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেন মাস্টার ডিগ্রি। দীর্ঘ দুই দশক ধরে নাহু-সরফ (আরবি ব্যাকরণ) থেকে শুরু করে হাদিসের কিতাব মুসলিম, মিশকাত, আবু দাউদ,  কোরআনের তাফসির, ফারসি ও আরবি সাহিত্যের পাঠদান করছেন একাধারে। করাচির বিখ্যাত জামেয়াতুর রশিদে ইতিহাস বিভাগে খণ্ডকালীন অধ্যাপনায় নিয়োজিত আছেন তিনি।

বইটিতে হজরত আদম (আ.) থেকে শুরু করে পরবর্তী সব নবী-রাসুল, নববী জীবন, খোলাফায়ে রাশেদিন, খেলাফতে বনু উমাইয়া, খেলাফতে বনু আব্বাস ও পরবর্তী কালের মুসলিম রাজত্বের ইতিহাস সম্পর্কে চমৎকার বিন্যাসে আলোচনা করেছেন তিনি। পাশাপাশি এই দীর্ঘ সময়ে সংঘটিত মুসলিম উম্মাহর আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক তাবৎ প্রেক্ষাপট, ইতিহাসের অজস্র পট-পরিবর্তনের দৃশ্যচিত্র অত্যন্ত কুশলী ও সুনিপুণ বুননে উপস্থাপন করেছেন।

বইয়ের মূল আলোচনায় প্রবেশের আগে লেখক ‘ইতিহাস কী’ নামে আলাদা একটি অধ্যায় রচনা করেন। সেখানে ইতিহাস শাস্ত্রের পরিচয়, ইতিহাসের প্রাথমিক কথা, ইতিহাসের ইসলামি যুগ, ইসলামি ইতিহাস এবং অন্যান্য ইতিহাসের মাঝে পার্থক্য,  ইতিহাসশাস্ত্রের গুরুত্ব এবং উপকারিতাসহ ইতিহাসের নানা বিষয় নিয়ে ১৪৮ পৃষ্ঠা আলোচনা করেছেন। যে কোনো ইতিহাস পাঠ করার আগে একজন সাধারণ পাঠকের জন্য এই বিষয়গুলো জানা থাকলে ইতিহাস পাঠ অনেকটাই সহজ হবে। বইটির দ্বিতীয় অংশে ইতিহাস-গবেষণা এবং পরিমার্জন-নীতি বিষয়ে আলোচনা করেছেন বিস্তারিত।

 

সমপ্রতি বাংলা ভাষাভাষী পাঠকদের কথা চিন্তা করে মাকতাবাতুল ইত্তিহাদ  এ চার খণ্ডকে দুই কিস্তিতে প্রকাশ করার উদ্যোগ গ্রহণ করেছে। ইতোমধ্যে প্রথম কিস্তিতে ৬খন্ড প্রকাশ করেছে মাকতাবাতুল ইত্তিহাদ। এই ছয় খণ্ড উর্দু থেকে অনুবাদ করেছেন বর্তমান সময়ের উদীয়মান তরুণ লেখক, অনুবাদক নাজিবুল্লাহ সিদ্দিকী, মুজাহিদুল ইসলাম মাইমুন, মুহাম্মদ নুরুজ্জামান ও আম্মার আব্দুল্লাহ। মাকতাবাতুল ইত্তিহাদ এ বইটি অনুবাদের ক্ষেত্রে এমন একটি কাজ করেছে যা খুবই প্রশংসার দাবি রাখে। তারা বাংলা ভাষাভাষী পাঠকের কাছে বইটি পৌঁছে দিতে মূললেখক ইসমাইল রেহানের কাছ থেকে লিখিত অনুমতি নিয়েছে। এছাড়াও বইটির মূল প্রকাশনী করাচীর ‘আল মানহালের’ সাথে আর্থিকভাবেও চুক্তিবদ্ধ হয়েছে মাকতাবাতুল ইত্তিহাদ। যা খুবই প্রশংসনীয়। বইটির প্রচ্ছদ করেছেন বর্তমান সময়ের নন্দিত প্রচ্ছদশিল্পী হামীম কেফায়েত। প্রকাশক : মাওলানা মুফতী ইসহাক। মাকতাবাতুল ইত্তিহাদ, ইসলামী টাওয়ার, বাংলা বাজার, ঢাকা। বইটি পাওয়া যাবে দেশের যে কোনো প্রান্তের ইসলামী বই বিক্রির লাইব্রেরিতে। এছাড়াও ঘরে বসে রকমারি ডটকম সংগ্রহ করা যাবে। ৬ খন্ডের মুসলিম উম্মাহর ইতিহাস বইয়ের পৃষ্ঠা সংখ্যা ২৫০০। মুদ্রিত মূল্য  ৩৪০০ টাকা আর বিক্রয় মূল্য ১৭০০ টাকা।

 

লেখক : আলেম, প্রাবন্ধিক

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads