আগামী ২ ডিসেম্বর থেকে বাহরাইনের মানামা শহরের খলিফা স্পোর্স সিটিতে শুরু হয়েছে এশিয়ার প্রতিবন্ধী যুবাদের সর্বোচ্চ ক্রীড়া আসর এবং এশিয়ার ‘যুব প্যারা অলিম্পিক’ নামে খ্যাত ‘এশিয়ান ইয়ূথ প্যারা গেমস-২০২১’। উক্ত গেমস-এ এশিয়ার ৪৪টি দেশের মধ্যে ৩১টি দেশ এবং ৯টি ইভেন্ট যথাক্রমে বুচিয়া, পাওয়ার লিফটিং, প্যারা টেবিল টেনিস, প্যারা ব্যাডমিন্টন, প্যারা সুইমিং, গৌলবল, প্যারা তায়কোয়ান্দো, হুইল চেয়ার বাস্কেট বল এবং প্যারা এ্যাথলেটিকস এ প্রায় ১০০০ জন প্রতিবন্ধী খেলোয়াড় অংশগ্রহণ করছে।
১২ থেকে ২০ বছর পর্যন্ত বয়সভিত্তিক এ আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশ প্যারা ব্যাডমিন্টন ইভেন্টে অংশগ্রহণ করছে। আন্তর্জাতিক প্যারা অলিম্পিক কমিটির অ্যাফিলিয়েশন না থাকায় বাংলাদেশ সরাসরি এ টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারছে না। তবে ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটির সার্বিক সহযোগিতায় ইন্ডিপেন্ডেন্ট দল হিসেবে প্যারা ব্যাডমিন্টন ফেডারেশনের কর্মকর্তা, সাবেক ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন এবং জাতীয় ব্যাডমিন্টন দলের কোচ এনায়েত উল্লা খানের নেতৃত্বে চার সদস্যবিশিষ্ট প্যারা ব্যাডমিন্টন দল অংশগ্রহণ করছে। বাংলাদেশ দলের দুজন অ্যাথলেট হচ্ছে ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি কর্তৃক আয়োজিত ‘জাতীয় প্যারা-ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ-২০২১’-এর ‘এসএইচ-৬’ গ্রুপে পুরুষ এককে চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জের মো. ইয়ামিন হোসাইন এবং ‘এসএইচ-৬’ গ্রুপে মহিলা এককে চ্যাম্পিয়ন বাগেরহাটের শর্মী মজুমদার।
উল্লেখ্য, ইতোপূর্বে বাংলাদেশ প্যারা ব্যাডমিন্টন দল থাইল্যান্ডে অনুষ্ঠিত প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণ করে। আন্তর্জাতিক কোনো ক্রীড়া আসরে বাংলাদেশ প্যারা-ব্যাডমিন্টন দলের এই প্রথম অংশগ্রহণ। এ বিষয়ে জাতীয় ব্যাডমিন্টন দলের কোচ এনায়েত উল্লা খান বলেন, ‘এশিয়ান ইয়ূথ প্যারা গেমস-এর আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব থাকবে এবং টুর্নামেন্ট ভেন্যুতে উড়বে বাংলাদেশের পতাকা এটাই জাতির প্রত্যাশা। আমরা এ দুই প্যারা-ব্যাডমিন্টন খেলোয়াড়সহ দলের শুভ কামনা করছি। আগামী ৬ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘এশিয়ান ইয়ূথ প্যারা গেমস-২০২১’ সমাপ্ত হবে।
জাতীয় প্যারা অলিম্পিক কমিটির সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার মাকসুদুর রহমান বলেন, ‘ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি-র সার্বিক সহযোগিতায় ইন্ডিপেন্ডেন্ট দল হিসেবে প্যারা ব্যাডমিন্টন ফেডারেশনের কর্মকর্তা, সাবেক ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন এবং জাতীয় ব্যাডমিন্টন দলের কোচ এনায়েত উল্লা খান-এর নেতৃত্বে চার সদস্যবিশিষ্ট প্যারা ব্যাডমিন্টন দল অংশগ্রহণ করছে। প্যারা-ব্যাডমিন্টন দলের এই প্রথম অংশগ্রহণের মাধ্যমে নতুন যুগের সূচনা হবে প্যারা ব্যাডমিন্টনে। আশা করছি তারা ভালো ফল বয়ে আনবে।’





