‘এখন থেকে অভিনয়ের মধ্যেই ডুবে থাকব’

ফাইল ছবি

শোবিজ

‘এখন থেকে অভিনয়ের মধ্যেই ডুবে থাকব’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৭ নভেম্বর, ২০১৯

মডেল ও অভিনেত্রী সারিকা। মিডিয়ায় যার যাত্রা শুরু ২০০৬ সালে মডেলিংয়ের মাধ্যমে। তবে ২০১০ সালে ছোটপর্দায় কাজ করে তার অভিনয়ের ক্যারিয়ার শুরু করেন। এরপর থেকে নিয়মিত ছিলেন নাটক ও বিজ্ঞাপনে। সবই ঠিক চলছিল। কিন্তু হঠাৎ উধাও সারিকা।

এমনকি পরিচালক কিংবা সাংবাদিকদের ফোনে সাড়া দেননি তিনি। কিন্তু এবার সারিকা আবার নতুন করে অভিনয়ে থিতু হতে চান।

নাটকে অভিনয় প্রসঙ্গে সারিকা বলেন, ‘আমি তো অভিনয়ের বাইরে যাচ্ছি না। সত্যি বলতে, প্রচুর কাজের প্রস্তাব থাকলেও সব নাটকে তো আর অভিনয় করা যায় না। গড়পড়তা কাজে যুক্ত হতে ইচ্ছা করে না।

এদিকে আমার মেয়ে বড় হয়েছে। তাকে সময় দেওয়ার কারণেই কাজ কম করি। কিন্তু এ নিয়েও অনেক বিড়ম্বনার মুখোমুখি হতে হয় আমাকে। মিডিয়া থেকে বিদায় নেওয়ার কোনো পরিকল্পনা আপাতত নেই আমার। যতদিন দর্শক আমার অভিনয় পছন্দ করবেন, ঠিক ততদিনই কাজ করব। এদিকে সম্প্রতি একই নির্মাতার নির্দেশনায় একটি মুঠোফোন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের মডেল হয়েছেন এ পর্দাকন্যা।’

সর্বশেষ গেল বছরের সেপ্টেম্বর মাসে তার বিরুদ্ধে শুটিং ফাঁসানোর অভিযোগ এনেছিলেন টেলিভিশন শিল্পী সংঘের প্রযোজক মোহাম্মদ বোরহান খান। নির্ধারিত সময়ের মধ্যে সেই অভিযোগের সদুত্তর না দেওয়ায় সব ধরনের নাটক, মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনচিত্রে অভিনয় করা থেকে তাকে ছয় মাস নিষিদ্ধ করেছিল টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব)। পরে ক্ষমা চাওয়ায় তিন মাস পর কাজ করার অনুমতি মেলে। গেল বছর নভেম্বর মাসে ‘ব্রেকিং নিউজ’ নামে একটি নাটকে কাজ করে সারিকা ডুব দিয়ে ছিলেন অনেক দিন। ঈদের কাজ দিয়েই নতুন করে ফিরলেন সারিকা।

২০১৪ সালের আগস্টে ব্যবসায়ী মাহিম করিমের সঙ্গে প্রেম করে হঠাৎই বিয়ে করেন সারিকা। এরপর থেকেই অভিনয়ে অনিয়মিত তিনি। বিয়ের এক বছরের মাথায় সারিকার কোলজুড়ে আসে কন্যাসন্তান। তার এক বছরের মধ্যেই তাদের ডিভোর্স হয়ে যায়।

বিয়ে এবং বিচ্ছেদ প্রসঙ্গে সারিকা বলেন, ‘বিয়ের জন্য ক্যারিয়ার সেক্রিফাইস করেছি, বাবা-মা থেকে দূরে থেকেছি। তাদের অবাধ্য হয়ে যা করেছি, সেটা ভুল ছিল। সব সেক্রিফাইস করে যেহেতু বিয়েটা করেছিলাম, তাই সেটা টিকিয়ে রাখতে আমার শতভাগেরও বেশি চেষ্টা ছিল।’

তবে এখন আর পেছনে ফিরে তাকাতে চান না সারিকা। পুরনো কষ্ট ভুলে নতুন করে এগিয়ে নিতে চান। সারিকা বলেন, ‘মানুষের জীবনে অনেক কিছুই ঘটে থাকে। অতীত নিয়ে চিন্তা না করে ভবিষ্যতের কথা চিন্তা করে এগিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ। এখন থেকে অভিনয়ের মধ্যেই ডুবে থাকব।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads