ভালো কাজের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় ভারতে পাচার হওয়া ২৪ জন বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। গতকাল শুক্রবার দুপুর ১টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে স্বদেশ প্রত্যাবাসন প্রক্রিয়ায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়। ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ১১ জন কিশোর ও ১৩ জন যুবক রয়েছে। তাদের বাড়ি সাতক্ষীরা, যশোর, বাগেরহাট ও নড়াইল জেলায়।
জানা গেছে, সংসারে অভাব-অনটনের কারণে দুই থেকে চার বছর আগে এসব বাংলাদেশি কিশোর-যুবক ভালো কাজের আশায় দালালের খপ্পরে পড়ে সীমান্ত পথে ভারতে যায়। পরে দালালচক্র ভালো কাজের প্রতিশ্রুতি ভঙ্গ করে তাদের ফেলে পালিয়ে আসে। এ সময় অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ বিভিন্ন স্থান থেকে আটক করলে অন্ধ্রপ্রদেশের ভিজাপুর করনেটো জেলহাজতে ঠাঁই হয় তাদের। সেখান থেকে তালাশ অ্যাসোসিয়েশন নামে ভারতের একটি এনজিও সংস্থা তাদের জেল থেকে ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরবর্তীতে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে স্বদেশ প্রত্যাবর্তন আইনে তাদের দেশে ফেরার ব্যবস্থা করা হয়। এরই পরিপ্রেক্ষিতে গতকাল তাদের বাংলাদেশে হস্তান্তর করা হয়।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, ২৪ বাংলাদেশিকে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে পোর্টথানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।





