নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকার নির্ধারিত খুচরা মূল্য ৩৫ টাকা কেজিতে আলু বিক্রি হচ্ছে না। বিক্রেতাদের মনগড়া ৪৫ থেকে ৫০ টাকা কেজিতেই আলু কিনতে হচ্ছে ক্রেতাদের। এ নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে ঘটছে বাকবিতন্ডা। বাজার মনিটরিং না থাকায় আলুসহ বিভিন্ন নিত্যপণ্য অতিরিক্ত দামে বিক্রি করে মুনাফাখোর ব্যবসায়ীরা বাজার অস্থির করে তুলছে বলে ক্রেতাদের অভিযোগ।
সরকার আলুর খুচরা মূল্য ৩৫ টার কেজি নির্ধারণ করলেও ক্রেতাদের কিনতে হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা কেজি করে। পাইকারি বাজারে দাম কমায়নি দোহাই দিয়ে খুচরা বিক্রেতারা নিজেদের ইচ্ছামতে অধিক দামে আলু বিক্রি করছে।
সরেজমিনে সিদ্ধিরগঞ্জ থানা এলাকার চিটাগাংরোড আহসান উল্লাহ সুপার মার্কেট, আদমজী সোনামিয়া বাজারসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে কোথাও সরকার নির্ধারিত দামে আলো বিক্রি হচ্ছে না। আলু কিনতে আসা মিজমিজি এলাকার শহিদুল্লাহ, মুক্তিনগর এলাকার আব্দুল আলিম ও ফরিদা আক্তার ক্ষোভের সঙ্গে জানায়, সরকার ৩৫ টাকা কেজি মূল্য নির্ধারণ করে দিলেও কোন দোকানেই এই দামে আলু কিনতে পারিনি। একেক দোকানে একেক দামে আলু বিক্রি হচ্ছে। কোন দোকানে ৪৫ টাকা কোন দোকা ৫০ টাকা কেজি।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন খুচরা বিক্রেতা জানান, পাইকারী বাজারে দাম কমেনি। ৪০ থেকে ৪২ টাকা কেজি তাদের কিনে আনতে হচ্ছে। দোকানদাররা পাইকারি বাজার থেকে কিনে আনা দামের ম্যামু দেখিয়ে নিজেদের অসহায়ত্ব প্রকাশ করেন।





