সব ক্ষেত্রেই নিজের শতভাগ দিয়ে কাজ করতে চেষ্টা করি

ছবি : সংগৃহীত

শোবিজ

সব ক্ষেত্রেই নিজের শতভাগ দিয়ে কাজ করতে চেষ্টা করি

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২ সেপ্টেম্বর, ২০১৯

সালহা খানম নাদিয়া, জনপ্রিয় অভিনেত্রী। অভিনয় আর সৌন্দর্যের মিশেলে তিনি মুগ্ধ করে চলেছেন দর্শকদের। তার গভীর শান্ত চোখে যেন একটা সম্পূর্ণ আকাশ আছে। কিছুটা ধূসর, বাকিটা নীল। বাহান্ন টুকরো মেঘ ভেসে বেড়ায় তার আইরিশের চারদিকে। সেই মেঘের ভেলায় করে তিনি তার দর্শকদের ভাসিয়ে নিয়ে যান অন্য এক জগতে। যে জগতে তিনি শুধুই অভিনেত্রী। বাকি সবাই মুগ্ধ দর্শক।

বর্তমানে নিয়মিত কাজ করছেন টিভি নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও মিউজিক ভিডিওতে। ঈদের নাটকেও তার ছিল সরব উপস্থিতি। ঈদের ছুটির পর আবারো ফিরেছেন নাদিয়া। ব্যস্ত হয়ে পড়েছেন শুটিংয়ে। নাদিয়া বলেন, ‘ঈদের পর আবার শুটিংয়ে নেমে পড়েছি। ইতোমধ্যে তিনটি নাটকের শুটিংয়ের কাজ করছি। হাতে আছে বেশ কিছু কাজ। নির্ধারিত সময় সেসব নাটকের কাজও করব। তবে ঈদের শেষে এখনো পুরোদমে শুটিং শুরু হয়নি। এবার ঈদে বেশ কয়েকটি নাটকে কাজ করেছি। প্রচারিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকের প্রশংসাও পেয়েছি। সবমিলিয়ে ফুরফুরে আছি।’

টিভি নাটকের এখনকার অবস্থান বেশ ভালো বলে মনে করেন নাদিয়া। অভিনয় এখন ততটা সহজ নয় বলে মনে করেন এ তারকা। আর এখন কোন নাটক হিট হচ্ছে, কোনটি ফ্লপ হচ্ছে তা দেখলেই বোঝা যায়। ফলে আগের মতো অবস্থা আর নেই বলে মনে করেন নাদিয়া।

নাটক ছাড়াও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও মিউজিক ভিডিওতে কাজ করেছেন এ অভিনেত্রী। নাদিয়া অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো দর্শকপ্রিয়তা পেয়েছে। আর নাদিয়া ও জোভানের ‘ইচ্ছে ডানা’ শিরোনামের মিউজিক ভিডিও তো সুপারহিট হয়েছিল। নাদিয়া বলেন, ‘এ মিউজিক ভিডিও হিট হওয়ার পর মিউজিক ভিডিওর প্রতি আমার আগ্রহ বাড়ে। আর ইতিবাচক সাড়া পেলে কাজের আগ্রহ এমনিতেই বেড়ে যায়। আমি সব ক্ষেত্রেই নিজের শতভাগ দিয়ে কাজ করতে চেষ্টা করি। ইতোমধ্যে বড়পর্দায় বেশ কয়েকটি ছবিতে অভিনয়ের অফার পেয়েছেন নাদিয়া। তবে মনের মতো গল্প না পাওয়ায় বড়পর্দায় অভিনয়ের ব্যাপারে এখনই কিছু বলতে নারাজ এ তারকা। সময় হলে তিনি সবাইকে জানাবেন বলে জানান।’

ডিজিটাল প্ল্যাটফর্মগুলো দেশীয় নাটকের জন্য ইতিবাচক ভূমিকা রাখছে বলে জানান নাদিয়া। তিনি বলেন, ‘যদিও আমার কোনো ওয়েব সিরিজে কাজ করা হয়ে ওঠেনি। তবে ভালো গল্প ও প্রজেক্ট পেলে অবশ্যই করব। আমার কাছে ওয়েব সিরিজটি আলাদা মনে হয় না। সেখানে তো অভিনয়ই করতে হবে। বিষয়টা হলো, কাজটা কি আর কেমন করলাম।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads