শোবিজ

শেষ হচ্ছে ‘আনন্দ অশ্রু’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৮ নভেম্বর, ২০১৯

বিরতির পর আবারো শুরু হয়েছে মোস্তাফিজুর রহমান মানিকের ‘আনন্দ অশ্রু’ ছবির শেষ লটের শুটিং। ছবিতে জুটি বেঁধেছেন নতুন প্রজন্মের জনপ্রিয় জুটি সাইমন সাদিক ও মাহিয়া মাহি। ছবিটির অল্প কিছু অংশের শুটিং বাকি আছে।

গতকাল বুধবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ‘আনন্দ অশ্রু’ ছবির শেষ লটের শুটিংয়ে অংশ নেন নায়ক সাইমন ও মাহিয়া মাহি। আর তিন দিন শুটিং করেই ক্যামেরা ক্লোজ করবেন নির্মাতা।

মোস্তাফিজুর রহমান মানিক গতকাল বলেন, ‘ছবির কিছু দৃশ্যের শুটিং বাকি আছে। আজ এফডিসিতে শুটিং করছি। শুটিংয়ে অংশ নিয়েছেন সাইমন, মাহি, শহীদুজ্জামান সেলিম ভাই। আগামীকাল থেকে দুই দিন সাভারে শুটিং হবে। তাহলে পুরো ছবির শুটিংয়ের কাজ শেষ হবে।’

এ বিষয়ে নায়ক সাইমন বলেন, ‘আমাদের ছবির শেষ লটের শুটিং শুরু করেছি আজ। কিছু দৃশ্যের শুটিং হবে তিনদিন। এরপর ছবিটির ক্যামেরা ক্লোজ করা হবে।’

ছবিতে সাইমনের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছবিটি প্রযোজনা করছে মিজান মিডিয়া। সর্বশেষ সাইমন-মাহি জুটি অভিনয় করেছিলেন মোস্তাফিজুর রহমান মানিকের ‘জান্নাত’ চলচ্চিত্রে। এই বছর ছবিটির জন্য সেরা নায়ক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন সাইমন, সেরা পরিচালক হিসেবে পুরস্কার পাচ্ছেন মোস্তাফিজুর রহমান মানিক। এছাড়া আরো তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার উঠছে এই ছবিটির ঝুলিতে।

এর আগে ১৯৯৭ সালে শিবলী সাদিক সালমান শাহ ও শাবনূরকে নিয়ে ‘আনন্দ অশ্রু’ নির্মাণ করেছিলেন। মানিক জানান, এই ‘আনন্দ অশ্রু’ সালমান-শাবনূরের ‘আনন্দ অশ্রু’ নয়। নতুন গল্পের প্রেমের ছবি এটি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads