রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী শিক্ষক সৈয়দ আবু আব্দুল্লাহর বিরুদ্ধে শিশু হত্যা চেষ্টার অভিযোগে আদালতে হাজির হওয়ার সমন জারি করা হয়েছে।
বৃহস্পতিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহ মখদুম থানা আমলি আদালত মাহাবুবুর রহমান দন্ড বিধির ৩২৩, ৩০৭ ও ৫০৬ ধারায় আসামির বিরুদ্ধে এ সমন জারি করেন।
মামলার উল্লেখ করা হয়, গত ১১ ডিসেম্বর দুপুরে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার ডাঙ্গিপাড়া এলাকায় প্রতিবেশী সিরাজুল ইসলামের পাঁচ বছরের ভাতিজা আদনান সৈয়দ আবু আব্দুল্লাহর বাড়ির কলিংবেল বাজালে ওই শিক্ষক ক্ষিপ্ত হয়ে শিশু আদনানের বাম কানের উপর সজোরে থাপ্পড় মারেন। এতে গুরুতর আহত হয়ে আদনান রাস্তায় লুটিয়ে পড়ে। পরে শিশু আদনানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩৩ নং ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
এঘটনায় গত ১৪ ডিসেম্বর শাহ মখদুম থানায় জিডি করা হলে ওই শিক্ষকের বিরুদ্ধে কোন পদক্ষেপ না নেওয়ায় শিশুর চাচা সিরাজুল ইসলাম গতকাল আদালতে মামলা দায়ের করেন। পরে আদালত মামলাটি গ্রহণ করে আসামির বিরুদ্ধে আগামী ২৬ জানুয়ারি আদালতে হাজির হওয়ার সমন জারি করেন।
শিশু আদনানের চাচার অভিযোগ, তারা থানায় জিডি করলেও কোন পদক্ষেপ না দেখে গতকাল বৃহস্পতিবার আদালতে গিয়ে মামলা করেন।
এ বিষয়ে শিক্ষক আবু আব্দুল্লাহ বলেন, সমন জারির বিষয়ে কিছুই জানিনা। তিনি দাবি করেন, ওই দিন বার বার কলিংবেল চাপার পর তিনি বের হয়ে ধমক দিলে ছেলেটি দৌড় দিতে গিয়ে পড়ে যায়। হাসপাতালেও দেখতে যান। এ ঘটনায় মীমাংসা হয়ে গেছে বলে জানান তিনি।
শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার বলেন, জিডি করার পর তারা বাদী বিবাদীর সঙ্গে কথা বলেছেন। তাঁদের প্রক্রিয়া চলছে। আদালতের মাধ্যমে সমন জারির বিষয়ে অবগত নন।





