জমি সংক্রান্ত বিরোধ ও একটি সরকারী জলাশয়ের দখল নিয়ে বিরোধের জের ধরে সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিপক্ষের ফলার আঘাতে আব্দুল আউয়াল (৩৮) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনার পর উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে আরও অন্তত ১০জন আহত হয়েছে। এছাড়া ভাংচুরের ঘটনা ঘটেছে ৪ থেকে ৫টি বসতবাড়িতে। আহতদের উপজেলার পোতাজিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোববার উপজেলার কায়েমপুর ইউনিয়নের বৃ-আঙ্গারু গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আউয়াল ওই গ্রামের সোলায়মান প্রামাণিকের ছেলে।
শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান জানান, একটি সরকারি জলাশয়ের দখল ও জমি সংক্রান্ত বিষয় নিয়ে বৃ-আঙ্গারু গ্রামের আব্দুল্লাহ গ্রুপ এবং সোলায়মান গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। বিষয়টি সমাধানে এর আগে দফায় দফায় শালিসী বৈঠকও হয়েছে। এ অবস্থায় আজ সকালে গ্রামে আবারও শালিসী বৈঠক বসেছিল। সেখানে তর্কবির্তকের একপর্যায়ে আব্দুল্লাহ গ্রুপের লোকজন সোলায়মান গ্রুপের আব্দুল আউয়ালকে ফলা দিয়ে পিঠে আঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উত্তেজনা ছড়িয়ে পড়ায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পদস্থ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।





