ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের নতুন ছবি ‘লন্ডন লাভ’। এটি পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী। অনেকদিন ধরেই এই ছবিটি আলোচনায় রয়েছে। এ ছবিতে কে হবেন শাকিব খানের নায়িকা সে নিয়েও অনেক জল্পনা-কল্পনা দেখা গেছে।
এদিকে খোঁজ নিয়ে জানা গেল, ছবিটিতে শাকিবের সঙ্গে জুটি বাধবেন কলকাতার মিষ্টি মেয়ে নুসরাত জাহান। সবকিছু ঠিক থাকলে ‘নাকাব’র পর এটি হবে এই জুটির দ্বিতীয় সিনেমা। সেই সঙ্গে এই ছবিতে দেখা যেতে পারে বাংলাদেশের অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকেও।
তবে সিনেমার পরিচালক ইফতেখার চৌধুরী এ বিষয়ে নিশ্চিত করে মুখ খুলতে নারাজ। তিনি বলেন, ‘অনেকের সঙ্গেই আমরা কথা বলেছি ছবিটির জন্য। কারো সঙ্গেই চূড়ান্ত আলাপ বা কোনো সিদ্ধান্তে যাওয়া হয়নি। তাই তাই আপাতত আমি নিশ্চিত করতে পারছি এই দুজনের ব্যাপারে।’
তিনি বলেন, ‘এখন পর্যন্ত শুধুমাত্র শাকিব খানই চূড়ান্ত হয়েছে “লন্ডন লাভ” ছবির জন্য।’
এদিকে কলকাতার নুসরাত জাহান স্বীকার করেছেন এই ছবি নিয়ে তার সঙ্গে আলোচনার বিষয়টি। তবে তিনিও বললেন, কিছুই চূড়ান্ত নয়। গতকাল নুসরাত বলেন, ‘আসলে বলার মতো কিছু এখনো হয়নি। আমি শুটিংয়ে যাওয়ার আগ পর্যন্ত কোনো মন্তব্য করতে চাই না এই ছবিটি নিয়ে।’
এদিকে দেশের বাইরে থাকায় বিদ্যা সিনহা মিমের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তার মন্তব্যও জানা যায়নি।





