বান্দরবানের লামা পৌরসভার বিভিন্ন এলাকায় বিশুদ্ধ খাবার পানি সংকট নিরসনে পৌরসভার বিভিন্ন এলাকায় বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করেছের লামা পৌর মেয়র মো.জহিরুল ইসলাম।
গতকাল বৃহস্পতিবার (২৯ এপ্রিল) পৌরসভার পক্ষে দুপুর ২টা থেকে বান্দরবান রেডক্রিসেন্ট লামা ইউনিটের সহযোগিতায় বিনামূল্যে লামা বাজার ও আশপাশের এলাকায় পানি সংকটে থাকা বাসিন্দাদের বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করেন।
জহিরুল ইসলাম জানান, শুষ্ক মৌসুমে পাহাড়ি গ্রামে ঝিরি, ঝরনা, কুয়োর পানি শুকিয়ে যাওয়ায় তীব্র পানির সংকটে পড়ে এলাকাবাসি। তাই লামা পৌরসভার পক্ষে আজ থেকে ডাম্পার ট্রাক ব্যবহার করে বিশুদ্ধ খাবার পানি বিনামূল্যে সরবরাহের কাজ শুরু করা হয়েছে। এবং এই কার্যক্রম মাসব্যাপী চলমান থাকবে।
তিনি জানান, শুধুমাত্র যাদের খাবার পানি প্রয়োজন তারাই রাস্তার পাশে কলসি নিয়ে আসবেন।
সরেজমিনে দেখা যায়, পৌর শহরের বিভিন্ন বয়সী নারী পুরুষ কলসি, বালতি ও বোতলে করে পানি সরবরাহ করছে। পৌর এলাকার কয়েকজন বাসিন্দা জানান, তারা অনেকই ঝিরি, ঝরনা, কুয়োর পানি ব্যবহার করলেও সুপেয় পানির জন্য প্রতিনিয়ত তাদের যুদ্ধ করতে হয়। এই অবস্থায় রমজান মাসে পানির এই বিশেষ ব্যবস্থার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।





