রাজধানীর রামপুরায় অনাবিল পরিবহনের বাসচাপায় শিক্ষার্থী নিহতের পর ৮-১০টি বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। এ ঘটনায় মূলহোতা মনিরসহ চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের রামপুরা ও কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান গণমাধ্যমকে ওই চার জনকে গ্রেপ্তারের কথা জানান।
তিনি জানান, রাজধানীর রামপুরায় বাসচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার অন্যতম হোতা মনির হোসেন ও তার ৩ সহযোগীকে রাজধানীর রামপুরা ও কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
গত ২৯ নভেম্বর রাতে রামপুরায় বাস চাপায় মাঈনুদ্দিন নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। মাঈনুদ্দিন স্থানীয় একরামুন্নেছা স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল। এ ঘটনার পর ৮-১০টি বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় থানায় একাধিক মামলা হয়েছে।





