শোবিজ

মেয়ের প্রথম জন্মদিনে উচ্ছ্বসিত লুইপা

  • অভি মঈনুদ্দীন
  • প্রকাশিত ৫ সেপ্টেম্বর, ২০১৯

এ সময়ের শ্রোতা নন্দিত গায়িকা জিনিয়া জাফরিন লুইপার একমাত্র কন্যা আলিসা আনজুম পায়রার আজ প্রথম জন্মদিন। গত বছরের এদিনে পায়রা তার নানার বাড়ি বগুড়াতে জন্ম নেন। নিজের মেয়ের প্রথম জন্মদিন উপলক্ষে লুইপা তার সব কাজের ব্যস্ততাকে ছুটি দিয়ে দিনটি শুধুই পায়রাকে ঘিরে আয়োজনের সঙ্গেই ব্যস্ত থাকবেন বলে জানিয়েছেন।

এরই মধ্যে পায়রার প্রথম জন্মদিন উপলক্ষে দাদার বাড়ি, নানার বাড়ির আত্মীয়স্বজন এসেও রাজধানীতে উপস্থিত হয়েছেন দোয়া করতে। লুইপা এবং তার স্বামী বিশিষ্ট যন্ত্র সংগীতশিল্পী আলমগীর হোসেনও পেশাগত কাজকে ছুটি দিয়েছেন। নিজের মেয়ের প্রথম জন্মদিনকে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজন করা হয়েছে। তবে তা কী সেটাই হচ্ছে সবার জন্য সারপ্রাইজ।

পায়রার মা বলেন, ‘পায়রা আমার আবেগ, পায়রা আমার অনুভূতি, পায়রা আমার অস্তিত্ব, পায়রা আমার সুখ, পায়রা আমার শান্তি, পায়রা আমার নিঃশ্বাস, পায়রা আমার ঠিকানা, পায়রাই আমার সব কাজের অনুপ্রেরণা। আমার জীবনে পায়রার চেয়ে বড় বেশি আর কিছুই নাই, হতেও পারে না। আল্লাহ আমাকে সর্বোচ্চ চাওয়া দিয়ে দিয়েছেন। এর চেয়ে বড় কৃতিত্ব আমার জীবনে আর আসতে পারে না। এমনকি কেউ কিছু দিয়ে আমাকে এর চেয়ে বেশি খুশি করতে পারবেন না। সবাই আমার পায়রা মামনির জন্য দোয়া করবেন।’

২০১৩ সালের ১২ জুলাই লুইপা ও আলমগীর বিয়ে করেন। ২০১০ সালের ‘সেরা কণ্ঠ’র শিল্পী লুইপা। কিন্তু তার সময়ে যারা চ্যাম্পিয়ন এবং দ্বিতীয়, তৃতীয় হয়েছিলেন তারা কেউই গানে পেশাগতভাবে সম্পৃক্ত নন। খোঁজও নেই তাদের। কিন্তু লুইপা তার অসাধারণ গায়কী এবং গানে তার ধারাবাহিক অধ্যবসায় দিয়ে সংগীতাঙ্গনের একজন জনপ্রিয় সংগীতশিল্পীতে নিজেকে পরিণত করেছেন। নানান সময়ে ‘আমার আপনার চেয়ে আপন যেজন’, ‘জোছনা করেছে আঁড়ি’, ‘জেন্টলম্যান’, ‘ঘুরে ফিরে ফিরে ঘুরে’, ‘শীতের অবসরে’, ‘অপরূপ বাংলাদেশ’, ‘তুমি মোর জীবনের ভাবনা’ গানগুলো গেয়ে নিজেকে একজন সংগীতশিল্পী হিসেবে এক অন্যরকম উচ্চতায় নিয়ে যান।

বেগম আখতারের ‘জোছনা করেছে আঁড়ি’ গানটি প্রকাশ হওয়ার পর রুনা লায়লা তার গায়কীর প্রশংসা করে মুঠোফোনে অভিনন্দন জানান। গতকাল বুধবার বাংলাভিশনে সালমান শাহ স্মরণে ‘মিউজিক ক্লাব’-এ সংগীত পরিবেশন করেন। আগামী ৭ সেপ্টেম্বর দুপুরে লেডিস ক্লাবে এবং রাতে বনানী ক্লাবে সংগীত পরিবেশন করবেন লুইপা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads