মিলির সঙ্গে রঙ্গনের অভিষেক

ছবি : সংগ‍ৃহীত

শোবিজ

মিলির সঙ্গে রঙ্গনের অভিষেক

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১০ অক্টোবর, ২০১৯

মনপুরাখ্যাত নন্দিত তারকাভিনেত্রী ফারহানা মিলির সঙ্গে অভিনয়ে অভিষেক হলো এ সময়ের প্রখ্যাত ও ব্যস্ত গীতকবি জামাল হোসেনের মেয়ে রঙ্গনের। জামাল হোসেনের রচনায় ও ইয়ামিন ইলানের পরিচালনায় ‘অতিথি’ নাটকে প্রথমবারের মতো অভিনয় করেছেন রঙ্গন। নাটকটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয়ের দুনিয়ায় অভিষেক হলো তার। ফারহানা মিলির মতো গুণী অভিনেত্রীর সঙ্গে অভিনয় করতে পেরেও বেশ উচ্ছ্বসিত ছিল রঙ্গন। মিলি জানান, রঙ্গন বেশ আন্তরিকতায় এক ধরনের উচ্ছ্বাস নিয়ে কাজ করেছে। রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউজে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ফারহানা মিলি বলেন, ‘জামাল ভাইয়ের কথা আগে শুনেছি। তিনি একজন গীতিকবি সেটা আমার জানা ছিল। বেশ ভালো গল্পও লেখেন তিনি সেটা তার রচিত অতিথি নাটকে কাজ করতে গিয়ে উপলব্ধি করেছি। একটু অন্যরকম গল্প, গুছিয়ে বলা গল্প। আমি চেষ্টা করেছি আমার চরিত্রটি সবসময়ের মতো যথাযথভাবে ফুটিয়ে তুলতে। ধন্যবাদ ইয়ামিন ইলানকে গুছিয়ে কাজটি করার জন্য। আর রঙ্গনের প্রথম কাজ ছিল এটা। রঙ্গনও চেষ্টা করেছে তার চরিত্রটির মধ্যে থেকে অভিনয় করতে।’ রঙ্গন বলেন, ‘মূলত আব্বুর অনুপ্রেরণাতেই আমার অভিনয় করা। জীবনে প্রথম অভিনয় করেছি, কিছুটা ভয় তো ছিলই। কিন্তু মিলি আপুসহ যারা ছিলেন সবাই আমাকে খুব সহযোগিতা করেছেন। কেমন করেছি তা দর্শকই সবচেয়ে বেশি ভালো বলতে পারবেন।’

‘অতিথি’ নাটকটির কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। শেষ হলেই নাটকটি একটি জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। উল্লেখ্য, এর আগে জামাল হোসেন রচিত ‘গন্তব্য’ ও ‘স্মারক’ নামের দুটি নাটক বেশ দর্শকপ্রিয়তা পায়। দুটি নাটকই নির্মাণ করেন ইয়ামিন ইলান। এদিকে গতকাল ফারহানা মিলি নজরুল ইসলাম রাজুর ‘ঘুমন্ত শহরে’ ধারাবাহিক নাটকের শুটিংয়ে অংশ নেন। এটি নিয়মিত এনটিভিতে প্রচার হচ্ছে।

এদিকে সম্প্রতি রাজধানীর শাহীন কলেজে অনুষ্ঠিত ‘ফার্স্ট বিএএফ শাহীন কলেজ কার্নিভাল ফেস্টিভ্যাল ২০১৯’-এ বিচারক হিসেবে কাজ করেছেন। দুরন্ত টিভিতে প্রচারিত ‘গুড্ডু বুড়া’র সিজন টু’র শুটিং শুরু করবেন তিনি আগামী নভেম্বরে। সঞ্জিত সরকারের নির্দেশনায় আরটিভিতে প্রচার চলতি ধারাবাহিক ‘চিটিং মাস্টার’ ধারাবাহিকেও অভিনয় করছেন তিনি। সর্বশেষ তিনি জয়ন্ত রোজারিওর নির্দেশনায় একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads