মাদক সেবনে নিষেধ করায় স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন

প্রতীকী ছবি

অপরাধ

গণটিুনিতে হত্যাকারী নিহত

মাদক সেবনে নিষেধ করায় স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন

  • মেহেরপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১২ জুন, ২০২১

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় মাদক সেবনে বাধা দেওয়ায় কথাকাটাকাটির জেরে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইদুল ইসলাম (৩৮) খুন হয়েছেন। এ সময় স্থানীয় জনগণ ক্ষিপ্ত হয়ে হত্যাকারী মনিরুলকে পিটিয়ে হত্যা করে। আজ শনিবার দুপুরের দিকে উপজেলার জাদুখালী মোড়ে একটি বটগাছের নিচে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত সাইদুল ইসলাম ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে আর মনিরুল ইসলামের পিতার নাম আবুল হোসেন। পুলিশ লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনছুর আলম ও পুলিশ সুপার এস এম মুরাদ আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়রা জানান, মনিরুল ইসলাম মনি জাদুখালী নদীর পাড়ের বটগাছের নিচে বসে গাঁজা সেবন করছিলেন। এসময় সাইদুল তাকে গাঁজা সেবন করতে নিষেধ করেন। এনিয়ে মনি ক্ষিপ্ত হয়ে হাতে থাকা হাঁসুয়া দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় মাঠের লোকজন তাকে ধরে গণপিটুনি দিলে মনি ঘটনাস্থলেই নিহত হন।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাসেম জানান, মনিরুল ইসলাম মনি একজন মাদকসেবী। সে রাস্তার পাশে গাঁজা সেবন করছিলেন। গাঁজা সেবনে বাধা দেওয়ায় প্রকাশ্য সাইদুলকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে। এসময় মাদকসেবী মনিরুল ইসলামও গণপিটুনিতে নিহত হয়। দুজনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে নেয়া হয়েছে।

ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি আবুল হাসেম।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads