সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড. মহীউদ্দীন খান আলমগীর এর বিরুদ্ধে জাতীয় দৈনিকে অসত্য সংবাদ প্রকাশের প্রতিবাদে ও মনোনয়ন নিশ্চিত করার দাবীতে সাংবাদিক সম্মেলন করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন।
আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় চাঁদপুর প্রেসক্লাবে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী। লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে আওয়ামী লীগ থেকে ড. মহীউদ্দীন খান আলমগীরকে মনোনয়ন দিয়েছে। কিন্তু পাশাপাশি জোর পূর্বক ভূমি দখলকারী হত্যা মামলার আসামী, বিএনপি ও জামাতের রাজনীতির সাথে সংশ্লিষ্ট জনৈক গোলাম হোসেনকেও দলীয় মনোনয়নপত্র দেয়া হয়েছে।
আমরা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন সকলে ঐক্যবদ্ধ ড. মহীউদ্দীন খান আলমগীরের নির্বাচন করবো। যদি তার মনোনয়ন না দিয়ে অন্য কাউকে দেয়া হয়, তাহলে আমরা সকল নেতা-কর্মী একসাথে গণহারে দলীয় পদ-পদবী থেকে পদত্যাগ করবো।
বক্তব্যে তিনি আরো বলেন, জনৈক গোলাম হোসেন আওয়ামী লীগের কোন সদস্য নয়। তিনি ড. মহীউদ্দীন খান আলমগীরের সুনাম ক্ষুন্ন করার উদ্দেশ্যে গতকাল বুধবার দুইটি জাতীয় দৈনিকে অসত্য সংবাদ প্রকাশ করিয়েছেন। আমরা এ ধরনের মিথ্যা সংবাদের প্রতিবাদ করছি।
এ সময় কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহজাহান শিশির সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, জনৈক গোলাম হোসেন কচুয়া উপজেলার গ্রামগুলোর সাথেও পরিচিত নন। তিনি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান থাকা অবস্থায় বসুন্ধরা গ্রুপের আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি দেয়ার ব্যবস্থা করে দেয়ায় ওই পত্রিকাগুলো তার পক্ষ নিয়ে সংবাদ প্রকাশ করেছে। আমরা নেতা-কর্মীরা তার এহেন কর্মকান্ডের বিরুদ্ধে সতর্ক এবং ঐক্যবদ্ধ রয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শোহরাব হোসেন পাটওয়ারী, কচুয়া উপজেলা পরিষদ এর ভাইস-চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দিন, মহিলা ভাইস-চেয়ারম্যান সালমা শহীদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রৌনক আরা রতœা, কচুয়া পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপন, জেলা পরিষদ সদস্য মো.সালাহ উদ্দিন ও ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যানসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।





