শোবিজ

মম’র অন্যরকম সেলিব্রেশন

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৯ ডিসেম্বর, ২০১৯

আজ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম’র জন্মদিন। বছরের এই একটি দিনে সাধারণত মম কোনো শুটিং রাখেন না। কারণ এই দিনটিতে তিনি বিশেষত তার মাকে সময় দেন। আর তার একমাত্র ছেলে উদ্ভাসের সঙ্গেও বিশেষভাবে সময় কাটানোর চেষ্টা করেন তিনি। বিশেষ এই দিনটিতে কোনো টিভি চ্যানেলেও সাধারণত যান না তিনি। এদিক-ওদিক ছুটোছুটিটাও তার ভালো লাগে না। ছুটোছুটিটা পছন্দ তার পরিবার এবং একান্ত কিছু মানুষের জন্য।

গতকাল পর্যন্ত মম নাটকের শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। গতকাল তিনি সরদার রোকনের নির্দেশনায় আরটিভিতে আগামী ২৭ ডিসেম্বর রাত ৮টায় প্রচারের জন্য ‘কাঁতান শাড়ি’ নাটকে অভিনয় করেছেন। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন শিল্পী সরকার অপু, জোভানসহ আরো অনেকে। এদিকে গত মঙ্গলবার রাতে ‘কাঁতান শাড়ি’র শুটিং লোকেশনেই সরদার রোকনের নির্দেশনায় মম জোভান অভিনীত ‘তুই থেকে তুমি’, ‘মিথ্যা’, ‘আবেগী মেঘের ভেতর’, ‘পাজরের টানে’ নাটকগুলোর এক মিলিয়ন, দুই মিলিয়ন ক্রস করায় কেক কেটে সেলিব্রেট করেন ইউনিটের সবাই।

নিজের জন্মদিন এবং এ নাটকগুলো প্রসঙ্গে মম বলেন, ‘জন্মদিন অন্য আর সব সাধারণ দিনের মতোই কাটবে। তবে এই দিনটি একান্তই আমার। দিনটিতে আমি আমার মতো সময় কাটানোর চেষ্টা করি। একটি সময় আমি আমার আম্মা এবং আমার সন্তানের সঙ্গে বিশেষভাবে সময় কাটাই। সেই মুহূর্তটাই আমার জন্মদিনের বিশেষ সময়। আল্লাহ চাইলে সুস্থ থাকলে আজকের দিনটিতেও এমন ক্ষণের মুখোমুখি হব আমি ইনশাআল্লাহ। আর ধন্যবাদ পরিচালক সরদার রোকনকে আমার এবং জোভানের অভিনীত বেশ কয়েকটি নাটকের দর্শকপ্রিয়তাকে বিবেচনা করে কাঁতান শাড়ির ইউনিটে বিশেষভাবে সেলিব্রেট করার জন্য। সত্যি বলতে নাটকগুলোর কথা এখানে উল্লেখ করা হয়েছে প্রত্যেকটি নাটকের গল্প এবং নির্মাণশৈলী খুব চমৎকার। যে কারণে নাটকগুলো দর্শকের ভালো লাগায় পরিণত হয়েছে। ধন্যবাদ নির্মাতা সরদার রোকনকে এমন একটি বিশেষ আয়োজনের জন্য।’

এদিকে মম এরই মধ্যে শেষ করেছেন অঞ্জন আইচের নির্দেশনায় ‘আগামীকাল’ সিনেমার কাজ। মমর ভাষ্যমতে, এই সিনেমাটি নিয়ে তিনি আশাবাদী। মম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে রায়হান রাফির ‘দহন’। তবে অরুণ চৌধুরীর ‘আলতাবানু’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য বেশ প্রশংসিত হন মম। এদিকে এরই মধ্যে মম নজরুল ইসলাম রাজুর নির্দেশনায় ‘ঘরে বাইরে’ ধারাবাহিকের কাজ শেষ করেছেন। এতে তার বিপরীতে আছেন মমর সঙ্গে অভিনয়ের সেরা জুটির নায়ক জিয়াউল ফারুক অপূর্ব।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads