জাতীয় ঐক্যফ্রন্ট প্রধান ড. কামাল হোসেন আগামীকাল রোববার সকালে রাজধানীর বেইলি রোড এলাকায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন তথ্য জানান।
ড. কামাল বলেন, ভোটাধিকার প্রয়োগ আমার অধিকার। এটা কোনো সংশয়ের বিষয় নয়। আমি অবশ্যই আমার অধিকার উপভোগ করতে সকাল ৮টা থেকে ৯টার মাঝে হেঁটে বাসার কাছের ভোটকেন্দ্রে (ভিকারুননিসা) যাব।
তিনি বলেন, যারা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন না করে বরং অপকর্ম এবং মানুষের ওপর হামলা চালাচ্ছেন তারা সংবিধান লঙ্ঘন করছেন। ‘এটা লজ্জাজনক যে স্বাধীনতার ৪৭ বছর পরও এসব হচ্ছে। আশা করি ভবিষ্যতে এমন ঘটনা দেখব না।’
নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কি না- এমন প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, ‘আমি সারা জীবনে কখনো পুলিশের কাছ থেকে নিরাপত্তা চাইনি...এখন সারাদেশে যেভাবে বিভিন্ন ঘটনা ঘটছে তাতে উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক। কিন্তু আমি অতীতে কখনো ভয় পাইনি এবং ভবিষ্যতেও পাব না।’
কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাঝে আগামীকাল রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোনো বিরতি ছাড়াই একাদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ চলবে।





