শোবিজ

বোনকে নিয়ে ‘রং’ ছড়ালেন নিপুণ

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৩ সেপ্টেম্বর, ২০১৯

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর হাত ধরে অন্তর্জালে উন্মুক্ত হলো চিত্রনায়িকা নিপুণের প্রথম মিউজিক ভিডিও ‘রং’। গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে জমকালো এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

ড. শিরীন শারমিন চৌধুরী তার বক্তব্যে বলেন, একজন মুক্তিযোদ্ধার দুই যোগ্য সন্তান নিপুণ ও পলিন। দুই বোনের এই অসাধারণ আয়োজনে আসতে পেরে ভালো লাগছে। পলিন পেশায় চিকিৎসক, থাকেন প্রবাসে। তবু তিনি যে বাংলা গান হূদয়ে ধারণ করেন, তারই প্রমাণ এটি। অন্যদিকে তার বোন নিপুণ জনপ্রিয় অভিনেত্রী। যিনি অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। তাই দুই বোনের এই গানটির সফলতা কামনা করছি।

এরপরই মিউজিক ভিডিও ‘রং’ আনুষ্ঠানিকভাবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়।

চিত্রনায়িকা নিপুণ বলেন, গেল কয়েক বছরে অন্তত হাজারবার মিউজিক ভিডিওর মডেল হওয়ার প্রস্তাব পেয়েছি, কিন্তু করিনি। কারণ পছন্দ হয়নি নানা কারণে। এবার হলাম। কাজটি এবার আমি নিজের হাতেই করেছি। যেটাতে কোনো ঘাটতি রাখিনি। অবশ্য এর পেছনে স্পেশাল একটা কারণও আছে। সেই কারণটি হলো নিপুণের আপন বোন পলিন। লন্ডনপ্রবাসী পলিন পেশায় চিকিৎসক। তবে গানের সঙ্গে জড়িয়ে আছেন ছোটবেলা থেকেই। যদিও এর আগে আনুষ্ঠানিকভাবে নিজের গান প্রকাশ করা হয়নি একটিও। সম্প্রতি নিপুণের উৎসাহে গাইলেন পলিন। এ মিজানের কথায় গানটি তৈরি করেছেন দেশের অন্যতম সংগীত পরিচালক শওকত আলী ইমন।

‘রং’ নামে পার্টি মুডের এই বিশেষ গানটির ভিডিওটি যৌথভাবে তৈরি করেছেন ভারতীয় নির্মাতা-কোরিওগ্রাফার বব ও পবন শেঠি। যেখানে শিল্পী পলিনের পাশাপাশি মডেল হয়েছেন চিত্রনায়িকা নিপুণ। যে গানটির নির্মাণ ব্যয় প্রায় ৩০ লাখ টাকা!

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads