আগামী সপ্তাহে নেদারল্যান্ডসে নিলাম হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মিঠাপানির মুক্তা। ‘দ্য স্লিপিং লায়ন’ নামের মুক্তাটির ওজন ১২০ গ্রাম এবং দুই দশমিক সাত ইঞ্চি লম্বা। গত ৩০০ বছর ধরে ইউরোপের বিভিন্ন দেশের ব্যবসায়ীদের কাছে ছিল মুক্তাটি। রাশিয়ার প্রিন্সের ক্যাথরিন দ্য গ্রেটের কাছেও ছিল এই মুক্তা।
সিএনএন সূত্রে জানা যায়, আগামী ৩১ মে দ্য হেগের দ্য ভেনডিউহিস নিলামঘরে বিক্রির জন্য তোলা হবে দ্য স্লিপিং লায়ন। মুক্তার প্রাথমিক দাম ধরা হয়েছে ৬ লাখ ৩২ হাজার ডলার।
ধারণা করা হয়, ১৭০০ থেকে ১৭৬০ সালের দিকে চীনের চিং সাম্রাজ্যে মুক্তাটি আবিষ্কৃত হয়। চীন থেকে বাটাভিয়া এবং পরবর্তী সময়ে সেখান থেকে ইউরোপ চলে যায়। এরপর থেকেই চীনের সম্রাট চিয়ানলং দেশ থেকে বড় আকারের সকল মুক্তা রফতানি নিষিদ্ধ করে দেন।
সর্বপ্রথম ১৭৭৮ সালে আমস্টারডামে প্রথম দ্য স্লিপিং লায়নের নিলাম হয়। ওই নিলাম থেকে রাশিয়ার সম্রাজ্ঞীর পক্ষ থেকে মুক্তাটি কিনে নেওয়া হয়। এরপর ১৮০০ সালের মাঝামাঝি ঘটনাক্রমে মুক্তাটি চলে যায় পোল্যান্ডে। সমন্বিত ইতালির প্রথম রাজা ইমানুয়েল দ্বিতীয়র এক স্বর্ণকার কর্মচারী ওই মুক্তা নিয়ে আসেন। পরবর্তী সময়ে ১৯১৭ সালে রুশ বিপ্লবের সময় অনেক হাত ঘুরে দ্য স্লিপিং লায়ন আবারো নেদারল্যান্ডসে ফিরে আসে। শেষমেশ ১৯৭৯ সালে মুক্তাটি আমস্টারডাম পার্ল সোসাইটির দখলে যায়। বর্তমানে ওই সোসাইটির কাছেই আছে মুক্তাটি।
ভেনডিউহিসের নির্বাহী পরিচালন পিটার মেফুট বলেন, দ্য স্লিপিং লায়নকে খুব সম্ভবত আগামী ২০০ বছরের মধ্যে আর বিক্রি করা হবে না। ডাচ জনগণের এই মুক্তাটিকে দেখার এটাই শেষ সুযোগ।





