পঞ্চমবারের মতো শুরু হতে যাচ্ছে লোকসংগীতের মহা আসর ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট ২০১৯’। আগামী ১৪ নভেম্বর থেকে ১৬ নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে তিন দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে।
এবারের আসরে বাংলাদেশসহ বিশ্বের ছয়টি দেশ থেকে ২০০ জনেরও বেশি লোকসংগীতশিল্পী ও কলাকুশলী অংশ নেবেন।
তিন দিনব্যাপী এ আয়োজনের প্রথম দিন গান গাইবেন বাংলাদেশের প্রখ্যাত বাউলশিল্পী শাহ আলম সরকার, ভারতের দালের মেহেন্দি ও জর্জিয়ার শেভেনেবুরেবি। এ ছাড়া নৃত্য পরিবেশন করবে প্রেমা ও ভাবনা নৃত্য দল। দ্বিতীয় দিন সুরের মূর্ছনায় ভাসাবেন বাংলাদেশের মালেক কাওয়াল, ফকির শাহাবুদ্দিন, ‘ম্যাজিক বাউলিয়ানা’র কামরুজ্জামান রাব্বি ও শফিকুল ইসলাম, পাকিস্তানের হিনা নাসরুল্লাহ এবং মালির হাবিব কইটে অ্যান্ড বামাদা। সমাপনী দিনে মঞ্চ মাতাবেন বাংলাদেশের কাজল দেওয়ান, চন্দনা মজুমদার, পাকিস্তানের জুনুন এবং রাশিয়ার সাত্তুমা।
গতকাল বুধবার দুপুরে ফোক ফেস্ট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
জানা গেছে, দর্শকরা আগের মতোই বিনামূল্যে শুধু অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে পারবেন। উল্লেখ্য, ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট ২০১৫ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। সাফল্যের ধারা অব্যাহত রাখতেই পঞ্চমবারের মতো সান ফাউন্ডেশন ‘আন্তর্জাতিক লোকসংগীত উৎসব ২০১৯’ আয়োজন করছে। এই আয়োজনে বাংলদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান শিল্পীরা লোকসংগীত পরিবেশন করে থাকেন।





