নেত্রকোনায় ফেলে যাওয়া সেই নবজাতকের আশ্রয় হয়েছে সমাজসেবা অধিদফতরের অধীনে পরিচালিত ঢাকা আজিমপুরের ‘ছোট মনি নিবাসে’। আজ সোমবার সকালে শিশুটিকে ছোট মনি নিবাসে হস্থান্তর করা হয়।
এর আগে রোববার ভোরে অজানা পরিচয়ের এক বাকপ্রতিবন্ধী মা শিশুটিকে নেত্রকোনা জেলা শহরের জয়নগর এলাকার এক গৃহবধূর কাছে ফেলে রেখে পালিয়ে গিয়েছিলেন।ওই গৃহবধূর নাম আমেনা আক্তার।
নেত্রকোনা শহর সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন এসব তথ্য জানিয়েছেন।
আমেনা আক্তার জানান, শনিবার (১৮ মে) সন্ধ্যায় ৬ দিন বয়সী ওই ছেলে নবজাতকটিকে নিয়ে বাকপ্রতিবন্ধী মা আশ্রয় নিয়েছিলেন তার বাসায়। সেখানে রাত্রিযাপনের পর রোববার ভোরে কাউকে না জানিয়ে শিশুটিকে রেখে পালিয়ে যান তার মা।
আমেনা আক্তার আরো জানান, সোমবার (১৩ মে) সন্ধ্যায় আমেনার বাসার সামনে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিলেন ওই বাকপ্রতিবন্ধী নারী। পরে তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। সেখানেই এক ছেলে সন্তানের জন্ম দেন সে। পরে শনিবার সন্ধ্যায় এ সন্তান নিয়ে এসে আশ্রয় চাইলে তাদের আশ্রয় দেয়ার পর সন্তান রেখে ওই মা পালিয়ে গিয়েছেন।
সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন জানান, রোববার সকালে শিশুটিকে নিয়ে সমাজসেবা কার্যালয়ের হেফাজতে দিতে এসছিলেন আমেনা আক্তার। পরে শিশুটি রেখে যাবার বিষয়ে নেত্রকোনা মডেল থানায় জিডি করা হয়। পরে ওই নবজাতককে ঢাকা আজিমপুরের ‘ছোট মনি নিবাসে’ পাঠানোর ব্যাবস্থা করা হয়।





