রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘শনিবার সকাল’ এর আয়োজনে পাখিদের নিরাপদ আশ্রয়, বংশ বৃদ্ধিও জন্য গাছে গাছে হাড়ি বাঁধা হয়েছে। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবন, শেখ কামাল স্টেডিয়ামের সামনে, স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের পাশে, রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের পেছনে বিভিন্ন গাছে হাড়ি বেঁধে দেন তারা।
ক্যাম্পাসে এমন ভিন্ন আয়োজনের বিষয়ে জানতে চাইলে সংগঠনটির সদস্য এ এম শাকিল হোসেন বলেন, আমাদের ক্যাম্পাসে অনেক অতিথি পাখি আসে। কিন্তু সঠিক পরিচর্যা না থাকার কারণে পাখিদের জীবন বিপন্ন হচ্ছে। তাই আমরা পাখিদের নিরাপদ আশ্রয় ও বংশ বৃদ্ধির জন্য গাছে গাছে হাড়ি বেঁধে দিয়েছি। আর ‘শনিবার সকাল’ যেহেতু প্রত্যেক শনিবারে একটি ভালো কাজ করার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে তাই প্রথম পদক্ষেপ হিসেবে আমরা এমন কার্যক্রম করেছি। এতে বিশ^বিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষার্থীরা যেন এ বিষয়ে সচেতন হয়।
সংগঠনটির সভাপতি রকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাঈদ স্বাধীনের নেতৃত্বে সহ সাধারণ সম্পাদক ডি এইচ পলাশ, অর্থ সম্পাদক তন্ময় চক্রবর্তী, দপ্তর সম্পাদক অনুপ মন্ডল, ক্রীড়া সম্পাদক মেরাজ হোসেন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মীর মো. আল-আমিন, সদস্য এ এম শাকিল হোসেন, মানিক রায়, মমিন হোসেন, রিমন রহমান, মোস্তায়িন রহমান উপস্থিত ছিলেন প্রমুখ।





