উজান থেকে নেমে আসা বন্যার পানিতে পদ্মায় তীব্র স্রোত দেখা দিয়েছে। মুন্সীগঞ্জের মাওয়া পয়েন্টে পদ্মা নদীতে পানি বিপদসীমার ৬৫ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। স্রোতের কারণে দেশের দক্ষিণবঙ্গ যাতায়াতের প্রধানপথ শিমুলিয়া-কাঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বারবার ব্যহত হচ্ছে। তীব্র স্রোতের কারণে দূর্ঘটনা এড়াতে নৌরুটে আজ সোমবারও সীমিত পরিসরে ফেরি চলাচল করছে । বিআইডাব্লিটিসি শিমুলিয়া ঘাট কতৃপক্ষ জানায়, বর্তমানে নৌরুটে ২টি বড় ও ৩টি ছোট মোট ৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। তবে স্রোত মোকাবেলা করে বিকল্প চ্যানেলে পৌছাতে প্রচণ্ড বেগ পেতে হচ্ছে। লেগে যাচ্ছে অনেক বেশি সময়।
এদিকে ফেরি স্বল্পতার কারণে শিমুলিয়া নদী পারাপারের অপেক্ষায় আটকা পরেছে সাড়ে ৩ শতাধিক ছোটোবড় যানবাহন । আর ফেরি চলাচল ব্যহত হওয়া চরম ভোগান্তিতে পড়েছে এ নৌরুটের যাত্রীরা।
অন্যদিকে, নদীতে লাগাতার পানি বৃদ্ধির কারণে শিমুলিয়া ঘাটের প্লাটুনের এপ্রোচ বারবার পানিতে তলিয়ে যাচ্ছে। এতে গাড়ি উঠা নামা করতেও দেখা দিচ্ছে সমস্যা।
শিমুলিয়া ঘাটের বিআইডাব্লিউটিসি'র ব্যবস্থাপক সাফায়েত আহমেদ জানান, বন্যাার পানিতে তীব্র স্রোত গত কয়েক দিন যাবত ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। বহরের ১৪টি ফেরির মধ্যে বর্তমানে ৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করছে। নদী পাড়ি দিতে ৫-৬ঘন্টার উপরে লেগে যাচ্ছে। প্রচণ্ড স্রোত ফেরিগুলোকে চ্যানেলের বিপরীত দিকে টেনে নিয়ে যাচ্ছে। পরিস্থিতি ভালো হলে বাকি ১১টি ফেরি চলাচল করবে।
তিনি আরো বলেন, প্লাটুনের এপ্রোচে পানি উঠে গেল আবার বালু ও ইট দিয়ে উচু করে সমস্যা সমাধান করা হচ্ছে।





