আগামীকাল ৮ মার্চ বিশ্ব নারী দিবস। নারী দিবসকে সামনে রেখে একটি ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। নারী দিবস সামনে রেখে পৃথিবীর সব নারীর প্রতি সম্মান জানিয়ে তৈরি হয়েছে গান, কবিতা ও নৃত্যের সংমিশ্রণে ধ্রুপদী শৃঙ্খলা ‘শোনো পৃথিবী শোনো’। এতে অংশ নিয়েছেন মোট ১১ জন নারীশিল্পী। এর মধ্যে কণ্ঠ দিয়েছেন আটজন, তারা হচ্ছেন ফরিদা পারভীন, আবিদা সুলতানা, মৌটুসী পার্থ, হোমায়রা বশির, অণিমা রায়, প্রিয়াঙ্কা গোপ, সুকন্যা মজুমদার ও নওরীন। আবৃত্তি করেছেন রূপা চক্রবর্তী ও অধরা জাহান। নেচেছেন মুনমুন আহমেদ। অধরা জাহানের কথায় গানটির সুর করেছেন হুমায়রা বশির। সংগীতায়োজনের পাশাপাশি গানটির ভিডিও নির্মাণ করেছেন রাজা বশির।
৮ মার্চ সারগম সাউন্ড স্টেশনের ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশ করা হবে একটি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে। রাজধানীর কারওয়ান বাজারের বিএফডিসির আট নম্বর ফ্লোরে আগামীকাল বিকেল তিনটায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সঙ্গীত ব্যক্তিত্ব আজাদ রহমান, শেখ সাদী খান, চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি নায়িকা ও চলচ্চিত্র পরিচালক কবরী বরেণ্য গীতিকবি মোহাম্মদ রফিক-উজ-জামান ও শহীদুল্লাহ ফরায়েজী।
হোমায়রা বশির বলেন, ‘এই গানটি পুরনো এবং নতুন শিল্পীদের একটি মেলবন্ধন হচ্ছে। বাংলাদেশের সংগীতাঙ্গনের প্রত্যেক অঙ্গনের শিল্পী রয়েছেন এই গানে। আমার বাবা-মাকে উৎসর্গ করে গানটি করা হয়েছে। আমি আমার ছোট ভাই রাজার কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। কারণ রাজা গানটির জন্য অনেক শ্রম দিয়েছে। গানটির কম্পোজিশন থেকে শুরু করে গানটির ভিডিও নির্মাণ তারই করা। প্রত্যেক শিল্পীর কাছে আমি কৃতজ্ঞ। কারণ প্রত্যেকেই বেশ আন্তরিকতা নিয়ে কাজটি করেছেন। আমার বিশ্বাস গানটি সবারই ভালো লাগবে।’
অধরা জাহান বলেন, ‘আমার জন্য এই কাজটি আমার জীবন খাতায় লিখে রাখার মতো একটি কাজ। একজন মানুষের জীবনে সবসময় এ ধরনের কাজ করার সুযোগ আসে না। ভাগ্যবিধাতা ভীষণ সহায় বলেই এমন একটি কাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে পেরেছি। আমি প্রত্যেক শিল্পীর প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সত্যি বলতে কী, শ্রদ্ধেয় হোমায়রা বশির, রাজা বশির, আমি আমরা একটি পরিবারের মতো। তাই আমাদের একটি কাজ যতটা ভালো করা যায়, সেই আন্তরিক চেষ্টাটাই থাকে। এর আগেও আমরা একত্র হয়ে বশির আহমেদ স্মৃতি সম্মাননার আয়োজন করেছিলাম। এবার সেই শ্রদ্ধেয় বশির আহমেদ ও তার সহধর্মিণীকে উৎসর্গ করেই শোনো পৃথিবী শোনোর সৃষ্টি। আশা করছি শ্রোতা দর্শকের এই ধ্রুপদী শৃঙ্খলা ভীষণ ভালো লাগবে।’ আজকের অনুষ্ঠানটি সফল করে তোলার লক্ষ্যে বশির আহমেদের ছেলে রাজা বশির সমন্বয় করছেন।





