নাটোরের এক প্রকৌশলীর কাছ থেকে সর্বস্ব লুটে নেয়ার ঘটনায় উবারের প্রাইভেট কারসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন- শরিফুল, বাদশা মিয়া দেওয়ান ও আরিফুল। তাদের বাড়ি দিনাজপুর ও চাঁদপুর জেলায়।
শনিবার দুপুরে নিজ কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, পাবনা গণপূর্ত বিভাগের উপ সহকারী প্রকৌশলী জাহিদুল ইসলাম গত ১৭ সেপ্টেম্বর অফিস ছুটির পর পাবনার দাশুড়িয়া থেকে নিজ বাড়ি নাটোরের বনপাড়া যাওয়ার জন্য উবারের প্রাইভেট কারে ওঠেন। গাড়িতে ওঠার পর সেখানে থাকা আরও তিনজন ওই প্রকৌশলীর হাতা-পা, চোখ-মুখ বেঁধে মারধর করে মোবাইল, এটিএম কার্ড, মানিব্যাগ ছিনিয়ে নেয়।
পরে বাঁধা অবস্থাতেই রাতে প্রকৌশলী জাহিদুলকে নাটোরের বনপাড়া ডিগ্রি কলেজের সামনে রাস্তায় ফেলে দিয়ে তারা পালিয়ে যায়। এ ঘটনায় মামলা হলে পুলিশ ঢাকা ও পাবনায় অভিযান চালিয়ে গত ২ নভেম্বর শরিফুল, বাদশা মিয়া দেওয়ান ও আরিফুলকে প্রাইভেট কারসহ গ্রেপ্তার করা হয়।





