প্লে-ব্যাকে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন স্টেজ শোতে বাংলাদেশে অপ্রতিদ্বন্দ্বী সংগীতশিল্পী আঁখি আলমগীর। গত বছর আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’তে গান গাওয়ার জন্য তিনি একজন সংগীতশিল্পী হিসেবে প্রথমবার এই সম্মাননায় ভূষিত হন। তাই গত বছরটি তার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি বছর। গত বছরই তার গাওয়া সর্বশেষ গান ‘ল্যায়লা’ গানটি শ্রোতা-দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে। এই গানের পর গত বছর আর কোনো নতুন গান প্রকাশ করেননি আঁখি আলমগীর। কারণ একটু বুঝেশুনে তিনি নতুন গান প্রকাশে মনোযোগ দিচ্ছেন। নতুন বছরে ভালোবাসা দিবস উপলক্ষে একটি ইউটিউব চ্যানেলে বছরের প্রথম গান হিসেবে প্রকাশিত হলো ‘তোমারই কারণে’ গানটি। গানটি লিখেছেন অনুরূপ আইচ। সুর করেছেন ফাবির তাজ তন্ময়। সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। গানটিতে প্রয়াত বেলাল আহমেদ পরিচালিত ‘নয়নের আলো’ সিনেমার ‘আমার বুকের মধ্যিখানে মন যেখানে হূদয় যেখানে’ গানের ছায়া রয়েছে। আঁখি আলমগীরের নতুন এই গানটি ভালোবাসা দিবস উপলক্ষে গেল ১৬ ফেব্রুয়ারি রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় আনুষ্ঠানকিতার মধ্য দিয়ে ইউটিউবে প্রকাশিত হয়। গানটির মিউজিক ভিডিওতে মডেল হিসেবে আছেন চিত্রনায়ক, মডেল আসিফ ইমরোজ ও আরিয়ানা।
গানটি প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘গানটিতে ভয়েজ দেবার সময়ই গানটির কথা, সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে এবং আমার বিশ্বাস ছিল গানটি শ্রোতাদের ভালো লাগবে। সেই বিশ্বাসটা আছে আমার এই গানকে ঘিরে। সময় গেলে গানের সাড়া মিলবে আশানুরূপ সেই আশা রাখি। তবে আমার ব্যস্ততার কারণে গানটির মিউজিক ভিডিওতে থাকতে পারিনি। গানটির সঙ্গে সম্পৃক্ত প্রযোজনা প্রতিষ্ঠানের আন্তরিকতার প্রতি আমি কৃতজ্ঞ।’
এদিকে ধ্রুব মিউজিক স্টেশন থেকে গত বছরের মার্চ মাসে প্রকাশিত ‘ল্যায়লা’ গানটি এরই মধ্যে সাত লক্ষেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। গানটি লিখেছেন প্রসেনজিৎ মুখার্জি। সুর সংগীত করেছেন অম্লান। ‘একটি সিনেমার গল্প’ সিনেমাতে গাজী মাজহারুল আনোয়ারের লেখা ও রুনা লায়লার সুরে ‘গল্প কথার ঐ কল্পলোকে জানি একদিন চলে যাব’ গানটির জন্য প্লে-ব্যাকে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন আঁখি আলমগীর। ছোট্টবেলায় আমজাদ হোসেন পরিচালিত ‘ভাত দে’ সিনেমাতে অভিনয়ের জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন আঁখি আলমগীর। এদিকে স্টেজ শো নিয়েও বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন আঁখি আলমগীর। আজ একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নেবেন আঁখি আলমগীর।





