নাটক ও চলচ্চিত্র দুই মাধ্যমেই কাজ করছেন অভিনেত্রী কাজী নওশাবা। মাঝে কিছুটা সময় বিরতিতে থাকলেও এখন নিয়মিত অভিনয় করছেন তিনি। অরণ্য আনোয়ারের ‘রূপকথা’র পর নূরুল আলম আতিকের ‘জাদুর শহর’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দারুণভাবে দর্শকপ্রিয়তা পান তিনি। তবে নওশাবা এখন আর সে পুরনো ছকে আটকে নেই। একাধারে নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে অভিনয় করে সমানভাবে জনপ্রিয়। করোনায় লকডাউনের পর থেকে অভিনয়ে ধীরে ধীরে ব্যস্ত হয়ে পড়ছেন। নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করছেন।
বছর তিন আগে ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রে কাজ করে আলোচনায় আসেন নওশাবা। এরপর আর তাকে চলচ্চিত্রে দেখা যায়নি। বিরতি কাটিয়ে আবার ফিরেছেন চলচ্চিত্রে। সরকারি অনুদানের ‘ছায়াবৃক্ষ’ চলচ্চিত্রে তিনি অভিনয় করছেন। অনম বিশ্বাস পরিচালিত এ চলচ্চিত্রের ৩০ ভাগ শুটিং বাকি আছে। নওশাবা বলেন, অনেক দিন পর ‘ছায়াবৃক্ষ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে ফের ক্যামেরার সামনে দাঁড়িয়েছি গেল বছরের নভেম্বরে। এ চলচ্চিত্রের শুটিংয়ে অন্যরকম অনুভূতি হয়েছে। সত্যি বলতে কী আমি চলচ্চিত্রের প্রতি বেশি আগ্রহী। অথচ এ মাধ্যম থেকেই এতদিন দূরে ছিলাম। তবে চলচ্চিত্রে আবার ফিরতে পেরে ভালো লাগছে।
সি বি জামান পরিচালিত ‘প্ল্যানার’ সিনেমায় একটা বিশেষ চরিত্রে কাজ করছেন নওশাবা। এই সিনেমায় সাবিনা ইয়াসমিনের গাওয়া ‘খুঁজি মানুষ’ শিরোনামে একটি গানে নাচতে দেখা যাবে তাকে। সঞ্জীবন চক্রবর্তীর কথায় গানটির সুর করেছেন দ্বীন ইসলাম। নওশাবা বলেন, ‘এই গানের ভেতরে একটা গভীর দর্শন আছে। গানের কথা অনেকটা এরকম, মানুষ বহুরূপী। নানারূপে বাঁচতে বাঁচতে সে নিজেকেই হারিয়ে ফেলে। তারপর জানলাম গানটা গাইবেন সাবিনা ইয়াসমিন। সব মিলিয়ে রাজি হয়ে গেলাম। দর্শক এর আগে কখনো আমাকে এভাবে দেখেনি। আশা করছি, ভালো লাগবে।’ আর এ একটা অনুদানের ছবি করছেন এই অভিনয়শিল্পী। তবে এই মুহূর্তে পরিচালক বা ছবির নাম বলতে মানা।
এছাড়া নওশাবা অভিনীত তিনটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে। এগুলো হলো ‘আলগা নোঙর’, ‘৯৯ ম্যানশন’ ও ‘চন্দ্রাবতীর কথা’।
সম্প্রতি কক্সবাজার থেকে ঈদের সাত পর্বের নাটকেও অভিনয় করে এলেন এই অভিনেত্রী। ‘নীল ব্যারাক কল্যাণ সমিতি’ শিরোনামের নাটকটি প্রচারিত হবে বাংলাভিশনে।
নওশাবা পেশাদারিত্বের জায়গা থেকেও ভীষণ সচেতন। কারণ অভিনয়ই যার মূল ভরসা। এর মাধ্যমেই দর্শকদের খুব কাছাকাছি যাওয়ার সুযোগ রয়েছে।





