দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট দলে ফিরলেন সাকিব-তামিম

সংগৃহীত ছবি

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট দলে ফিরলেন সাকিব-তামিম

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৪ মার্চ, ২০২২

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাকিব আল হাসানকে অন্তর্ভক্ত করে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট দল ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ওয়ানডে ও টেস্ট দুই ভার্সনেই সাকিবকে রেখে দল ঘোষনা করে মিনহাজুল আবেদিন নান্নুর নেতৃত্বে নির্বাচক প্যানেল।

আইপিএলের অংশ হবেন ভেবে এর আগে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ থেকে বিশ্রাম দিতে বিসিবিকে চিঠি লিখেছিলেন সাকিব। কিন্তু আইপিএল নিলামে দল না পাওয়ায় টেস্ট সিরিজে তার অংশগ্রহণের সম্ভাবনা বাড়ে।

দক্ষিণ আফ্রিকা সফরে সব ফর্মেটেই সাকিব থাকবে বলে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে চলাকালীন ঘোষনা দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছিলেন সাকিব। কিন্তু নিউজিল্যান্ড সফরে বিশ্রামে ছিলেন। সাকিবের পাশাপাশি তামিম ইকবালও ২০২১ সালে শ্রীলংকায় সর্বশেষ শেষ টেস্ট খেলার পর বড় ফরম্যাটের দলে ফিরেছেন।

অনেক দিন পর সাকিব ও তামিম দু’জনকেই একত্রে দলের সাথে পাবেন টেস্ট অধিনায়ক মোমিনুল হক ।

সাকিব ও তামিম ছাড়াও বড় ফরম্যাটের দলে সামান্য পরিবর্তন এসেছে। ওয়ানডে দলে কিছুটা পরিবর্তন আছে। প্রথমবারের মত ওয়ানডে দলে পেসার সৈয়দ খালেদ আহমেদ অন্তর্ভুক্ত হয়েছেন।

দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ১২ মার্চ দেশ ছাড়বে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ।

দক্ষিণ আফ্রিকায় পৌঁছানোর পর, ১৫ মার্চ জোহানেসবার্গে নিজেদের ওয়ানডে অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৮, ২০ এবং ২৩ মার্চ সিরিজের তিনটি ওয়ানডে হবে। প্রথম এবং তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্ট পার্কে এবং দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে জোহানেসবার্গের ইম্পেরিয়াল ওয়ান্ডারার্সে।

২৬-২৭ মার্চ চ্যাটসওয়ার্থে নিজেদের মধ্যে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলে টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ।

৩১ মার্চ থেকে ৪ এপ্রিল ডারবানের কিংসমিডে প্রথম টেস্ট এবং পোর্ট এলিজাবেথে ৮-১২ এপ্রিল দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ টেস্ট দল : মোমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরি, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরি, ইবাদত হোসেন চৌধুরি, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম, নুরুল হাসান সোহান।

বাংলাদেশ ওয়ানডে দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরি, নাসুম আহমেদ, ইয়াসির আলি চৌধুরি, মাহমুদুল হাসান জয়, সৈয়দ খালেদ আহমেদ।

সূত্র: বাসস

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads