ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানোর পর লঞ্চের ভাড়া বাড়ানো হয়েছে ৩৫ শতাংশ। একই সঙ্গে চলমান লঞ্চ ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গতকাল রোববার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কার্যালয়ে সরকারের সঙ্গে লঞ্চ মালিকদের বৈঠকে ভাড়া বাড়ানো ও ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।
লঞ্চভাড়া ১০০ কিলোমিটার পর্যন্ত ১ টাকা ৭০ পয়সার পরিবর্তে ২ টাকা ৩০ পয়সা ও ১০০ কিলোমিটারের ঊর্ধ্বে ১ টাকা ৪০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা নির্ধারণ করা হয়েছে। জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ১৮ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে।
বিকাল ৩টা ৫০ মিনিটে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। বৈঠক চলে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।
বৈঠকে যাত্রীপ্রতি ২৮.৮২ শতাংশ ভাড়া বৃদ্ধির প্রস্তাব করেছিল বিআইডব্লিউটিএ। পূর্বের কিলোমিটার প্রতি ১ টাকা ৭০ পয়সার সঙ্গে ০.৪৯ টাকা বৃদ্ধি করে এ ভাড়া প্রস্তাব করছিল সংস্থাটি। এ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কিলোমিটারে ৬০ পয়সা করে বাড়িয়ে লঞ্চের ভাড়া ২ টাকা ৩০ পয়সা করা হয়।
বৈঠকের কার্যপত্রে উল্লেখ করা হয়, সবশেষ ২০১৩ সালে যাত্রীবাহী নৌযানের ভাড়া পুনর্নির্ধারণ করা হয়। ওই সময় ১০০ কিলোমিটার দূরত্বের জন্য জনপ্রতি যাত্রী ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৭০ পয়সা, ১০০ কিলোমিটার অধিক দূরত্বের জন্য জনপ্রতি যাত্রীভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৪০ পয়সা এবং জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ১৮ টাকা নির্ধারিত হয়। কিন্তু ২০১৩ সালের পর জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি না পাওয়ায় যাত্রীদের ভাড়া আর বৃদ্ধি করা হয়নি।
সরকার গত ৪ নভেম্বর জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে নৌযানের পরিচালন ব্যয় বৃদ্ধি পাওয়ায় নৌযান মালিক সমিতি বা সংস্থার পক্ষ থেকে ৬ নভেম্বর রাতের মধ্যে যাত্রীভাড়া বৃদ্ধির দাবি জানানো হয়। অন্যথায় নৌযান পরিচালনা বন্ধ করে দেওয়ার আল্টিমেটাম দেওয়া হয়।
বৈঠকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থার সভাপতি মাহবুব উদ্দিন আহমদ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বদিউজ্জামান বাদল, বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির মহাসচিব শহিদুল ইসলাম ভূঁইয়া, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুর রহমান, বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা ও লঞ্চ মালিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জ্বালানি তেলের দাম বাড়ায় ভাড়া বৃদ্ধির দাবিতে শনিবার সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ রেখেছেন মালিকরা। এদিন সকাল থেকে ধর্মঘটের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও মালিকরা টার্মিনাল থেকে লঞ্চ অন্যত্র সরিয়ে নেন।
গত বুধবার রাতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করে সরকার। এর প্রতিবাদে লঞ্চমালিকরা ভাড়া দ্বিগুণ করার দাবি তোলেন।





