তুরাগে অবৈধ বিদ্যুৎ সংযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার ভোর চারটার দিকে তুরাগের চণ্ডালভোগ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. জাহাঙ্গীর (১৯), রোমা আক্তার (১৭) ও আফরিন (১৪)। তারা একি পরিবারের ভাই বোন।
স্থানীয়রা জানান, তুরাগের চন্ডাল ভোগ এলাকার দক্ষিণ পাড়ার বস্তিতে দীর্ঘদিন ধরেই অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যবসা করে আসছিল একটি চক্র। যে চক্রের মুলহোতা চন্ডালভোগ এলাকায় জাকির মুন্সি। আরো জানা যায় এখানে বেশ কয়েকটি চক্র অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে বস্তিঘর তৈরি করে ভাড়া দেয়। তাদের মধ্য অন্যতম হোতা একই পরিবাবের তিন ভাই নবীন আনোয়ার ও কবির। মাঝে মধ্যেই এসকল অবৈধ বিদ্যুৎ সংযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। তাদের দেয়া অবৈধ সংযোগ থেকেই এ অগ্নিকাণ্ডের ঘটনার সুত্রপাত হয়েছে। পরে টিনশেডঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়।
খবর পেয়ে উত্তরা ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৫টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
সকালে ঘটনাস্থল পরিদর্শন করে উত্তরা জোনের পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। পরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
উত্তরা জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ড. মনজিল মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখনি কোনো মন্তব্য করা ঠিক হবে না। লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।





