পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি তালেবানের ক্ষমতা দখলকে সমর্থন জানিয়েছেন। শুধু তাই নয়, নারীদের কাজ করতে বাধা না দেওয়ায় তালেবানের প্রশংসা করেছেন এই তারকা ক্রিকেটার।
সম্প্রতি তালেবান শাসন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আফ্রিদি বলেন, তালেবান ইতিবাচক মানসিকতার পরিচয় দিচ্ছে। এর আগে তারা এরকম ছিল না। নারীদের কাজ করতেও বাধা দিচ্ছে না তালেবান।
সাবেক এই ক্রিকেটার মনে করেন, ক্রিকেট নিয়ে উৎসাহী তালেবান। তিনি বলেন, আমার মনে হয়, তারা ক্রিকেটকেও খুব পছন্দ করে।
আফগানিস্তানে বর্তমান পরিস্থিতির কারণেই আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে পাকিস্তান-আফগানিস্তান সিরিজ। আফ্রিদির দাবি, তালেবান পাকিস্তানের বিরুদ্ধে সিরিজকেও সমর্থন করছে।
উল্লেখ্য, দীর্ঘ ২০ বছর পর আকাশে গুলি ছুড়ে ও আতশবাজি ফুটিয়ে তালেবান উদযাপন করেছে বিজয় উৎসব। আফগান যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটিয়েছে যুক্তরাষ্ট্র। এ দেশ থেকে চলে গেছে সব মার্কিন সেনা। যুক্তরাষ্ট্রের শেষ সেনা সদস্য আফগানিস্তান ছেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ‘পূর্ণ স্বাধীনতা’ ঘোষণা করেছে তালেবান।





