পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ,পদোন্নতি ও পদোন্নয়ন সংক্রান্ত ইউজিসির খসড়া অভিন্ন নীতিমালা প্রত্যাখান করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
আজ বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. দীপিকা রানী সরকার ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নূর মোহাম্মাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বৃহস্পতিবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।
বিজ্ঞপ্তিতে জানা যায়, অভিন্ন নীতিমালা বিষয়টি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রচলিত আইনের সাথে অসঙ্গতিপূর্ণ এবং স্বায়ত্তশাসনের সাথে সাংঘর্ষিক; যা বৃহত্তর শিক্ষাস্বার্থের পরিপন্থী। গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মঘণ্টা স্থিরকরণ, নিয়োগ ও আপগ্রেডেশনসহ বেশকিছু বিষয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দৃষ্টিগোচর হয়। খসড়া “অভিন্ন নীতিমালা” নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসমাজ গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করছে।
এই নীতিমালা অনুমোদন হলে চলমান সেশনজট মুক্ত শিক্ষার সুষ্ঠু পরিবেশকে বিঘ্নিত হতে পারে বলেও মনে করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
এ অবস্থায় খসড়া অভিন্ন নীতিমালা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ।





