নোয়াখালীর বেগমগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ছাত্রলীগ নেতা রাকিব হত্যা মামলার আসামি শিবির ক্যাডার নজরুল ইসলাম প্রকাশ কানা নজরুল (২৫) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে উপজেলার আমানউল্লাহপুর গ্রামের জনকল্যাণ মাঠে এ গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় বেগমগঞ্জ থানার ৬ পুলিশ সদস্য আহত হয় ।
আহতরা হচ্ছেন বেগমগঞ্জ থানার এসআই মোস্তাক আহম্মদ, এমসআই সাকিবুল ইসলাম, কনস্টেবল সুব্রত ভট্রাচার্য্য, আনন্দ মজুমদার, অভিয়ন দাস, ও নুরুল ইসলাম। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল,তিনটি গুলি,দুইটি ধামা,তিনটি ছুরি এবং ৫টি কার্তুজ উদ্ধার করেছে।
নিহত কানা নজরুল আমানউল্লাহপুর ইউনিয়নের অভিরামপুর গ্রামের আবদুল হাকিমের ছেলে। সে স্থানীয় ছাত্রশিবিরের ক্যাডার পিয়াস বাহিনীর সেকেন্ড-ইন কমান্ড ছিলেন। গত রোববার (১ মার্চ) রাতে শিবিরের হামলায় নিহত ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম প্রকাশ রাকিব হত্যা মামলাসহ তিনটি মামলা রয়েছে তার বিরুদ্ধে।
বেগমগঞ্জ থানা পুলিশের অফিষার ইনচার্জ (ওসি) হারুন-উর-রশীদ চৌধুরী জানান, ছাত্রলীগ নেতা রাকিব হত্যা মামলার আসামিদের ধরতে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি যৌথ দল আমানউল্লাহপুর গ্রামে যায়। ভোররাত পৌনে ৪টার দিকে পুলিশ ও ডিবির দলটি ওই গ্রামের জনকল্যাণ এলাকায় অভিযানকালে শিবির ক্যাডার পিয়াস বাহিনীর সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। এতে দুই পক্ষে কিছু সময় গোলাগুলির পর হামলাকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় একজনের মরদেহ পড়ে থাকতে দেখতে পায়। পরে স্থানীয় লোকজন তাকে শিবিরের ক্যাডার ও ছাত্রলীগ নেতা রাকিব হত্যা মামলার আসামি ‘কানা নজরুল’ হিসেবে শনাক্ত করে।





