‘মুজিববর্ষ’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিলেন প্রজন্মের চার জনপ্রিয় শিল্পী কিশোর, রন্টি, সাব্বির ও লুইপা। আগামী বুধবার মাইটিভির স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন তারা।
মুজিববর্ষ জেগে উঠুক সম্প্রীতির বর্ণিল উৎসবে/লক্ষ কোটি তারার আলোর ঝলকানিতে-এমন কথার গানটি লিখেছেন সুজন হাজং। সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।
গান প্রসঙ্গে সংগীতশিল্পী কিশোর বলেন, গানের কথা-সুর এবং সংগীতায়োজন খুব চমৎকার। এ গানটির মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে পেরে গর্ববোধ করছি।
সংগীত শিল্পী লুইপা বলেন, ‘মুজিববর্ষ’ শিরোনামের গানটি একটি উৎসবমুখর গান। মনে হয় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে আমরা চারজন গানটি গেয়েছি।
সাব্বির বলেন, গানের প্রতিটি লাইন হূদয়ে গাথা। অসাধারণ একটি গান। আশা করি ‘মুজিববর্ষ’ গানটি শ্রোতাদের কাছে সমাদৃত হবে।
রন্টি দাশ বলেন, মনে হলো গানটি গাওয়ার মাধ্যমে আমি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করেছি।
গানটি প্রসঙ্গে গীতিকার সুজন হাজং বলেন, ‘মুজিববর্ষ’ গানটি এই চারজনই অসাধারণ গেয়েছেন। চারজনের কণ্ঠেই আলাদা বৈশিষ্ট্য এবং বৈচিত্র্য আছে। তাই গানটিতে বহুমাত্রিক আবেদন তৈরি হয়েছে। আশা করি এই গানটি মুজিববর্ষকে আরো উজ্জীবিত করবে।
গানটি আগামীকাল শনিবার গীতিকার সুজন হাজংয়ের ব্যক্তিগত ইউটিউব চ্যানেল এস এইচ গ্লোবাল টিভিতে প্রচারিত হবে।





