ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে যান চলাচল তিন দফা বন্ধ রাখার পর টোল প্লাজা খুলে দেওয়া হয়েছে। কুয়াশা না কাটায় সীমিত হারে গাড়ি ছাড়া হচ্ছে। ফলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে পৌলী ব্রিজ পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৬ টার দিকে সেতুর টোল প্লাজা চালু করা হয়। এর আগে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে রাতে তিন দফা সেতুর টোল প্লাজা বন্ধ রাখা হয়।
বঙ্গবন্ধু পূর্ব সেতুর ট্রাফিক ইন্সপেক্টর ইফতেখার রোকন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কুয়াশা বেড়ে যাওয়ায় সামনের সব কিছু ঝাপসা হয়ে আসে। এ ছাড়া সেতুতে টোল আদায় বন্ধ থাকায় পূর্ব পাড় থেকে পৌলী ব্রিজ পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
এতে শত শত যানবাহন আটকা পড়ে। প্রচণ্ড শীতে যানজটে আটকে চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
দিবাগত রাত থেকে সড়ক বন্ধ থাকায় যানবাহনের চাপ ছিল বেশি। পুলিশের তৎপরতায় ধীরে ধীরে গাড়িগুলো ছাড়া হচ্ছে।
এদিকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ২৫ মিনিটের পথ পার হতে তিন থেকে চার ঘণ্টা সময় লাগছে বলে জানান ভুক্তভোগী যাত্রীরা।





