নিজস্ব প্রতিবেদক
‘স্মার্ট কৃষি বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে কৃষি তথ্য সার্ভিস (এআইএস)। গণমাধ্যমের ভূমিকা নিয়ে এই সেমিনারের আয়োজন করলেও এ খাত সংশ্লিষ্ট সাংবাদিকরা দাওয়াত পাননি। বিভিন্ন পত্রিকার বিজ্ঞাপন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের নাম তালিকায় দেখা গেছে। বুধবার রাজধানীর খামারবাড়িতে এআইএস কনফারেন্স রুমে এই সেমিনারের প্রধান অতিথি থাকবেন কৃষি সচিব ওয়াহিদা আক্তার। সভায় সভাপতিত্ব করবেন এআইএস পরিচালক সুরজিত সাহা রায়। বিশেষ অতিথি রাখা হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাসকে।
সেমিনারে ৮১ জনের দাওয়াতের তালিকায় কোনো কৃষি সাংবাদিকের নাম নেই। পত্রিকার বিজ্ঞাপন প্রতিনিধিদের নাম রয়েছে এই তালিকায়। কৃষি তথ্য সার্ভিসের পরিচালক সুরজিত সাহা রায় নিজে এই তালিকা চূড়ান্ত করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে আজ মঙ্গলবার দুপুরে কৃষি সাংবাদিকদের কয়েকজন পরিচালকের সঙ্গে দেখা করেন। এ সময় তিনি নিজের দায় কৃষি মন্ত্রণালয়ের তথ্য সার্ভিসের নতুন এক কর্মকর্তার উপর চাপানোর চেষ্টা করেন। তিনি বলেন, মন্ত্রণালয়ে থেকে সাংবাদিকদের তালিকা চাওয়া হয়েছিল। কিন্তু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা বিদেশে থাকায় তালিকা দিতে অপারগতা প্রকাশ করেন। কিন্তু সাংবাদিকদের আপত্তির মুখে উপায় না দেখে গতকাল পরিচালক সুরজিতে নতুন করে শুধু বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটিকে তালিকায় যুক্ত করেন। এআইএস পরিচালক সুরজিত সাহা রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ থাকায় তিনি কৃষি সাংবাদিকের এড়িয়ে চলেন।





