খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়ন পরিষদের কাছের একটি পুকুর থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার বাগালী ইউনিয়নের বামিয়া গ্রামের পুকুরে স্বামী-স্ত্রী ও তাদের কন্যাসন্তানের লাশ ভেসে ওঠে।
নিহতরা হলেন বামিয়া গ্রামের মৃত আব্দুল মাজেদ গাজী ছেলে হাবিবুল্লাহ গাজী (৩৬), তার স্ত্রী বিউটি খাতুন (২৫) ও মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী টুনি (১৩)।
কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে বামিয়া গ্রামের বসবাসকারী হাবিবুল্লাহ, তার স্ত্রী ও কন্যার লাশ পুকুরে ভেসে ওঠে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একই পরিবারের তিনজনকে পরিকল্পিতভাবে হত্যার পর পুকুরে মরদেহ গোপনের চেষ্টা করা হয়েছে। পরে বিস্তারিত জানাতে পারবো।





