শোবিজ

কোনালের নতুন বার্তা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৫ ফেব্রুয়ারি, ২০২০

সংগীতশিল্পী হিসেবেই কোনালকে মানুষ চেনে। এর বাইরে অনুষ্ঠান উপস্থাপনাও করেন এই গায়িকা। বিশেষ দিবসে টিভি চ্যানেলের জন্য নির্মিত একাধিক অনুষ্ঠানের পরিচালক হিসেবেও দেখা গেছে তাকে।  এছাড়া গান লেখেন, প্রশংসা কুড়ান সুরারোপ করেও। বিশেষ চরিত্রে অভিনয় করেছেন ইমপ্রেস টেলিফিল্মের ‘লালটিপ’ সিনেমায়। হয়েছেন রিয়েলিটি শোর বিচারকও। ভালোবাসা দিবসে শ্রোতাপ্রিয় এই গায়িকার কণ্ঠে প্রকাশ পেয়েছে ‘মেঘ’ শিরোনামের গান। গানে গানে মেঘের কাছে বলেছেন হূদয়ের যত আকুতি। গানটি এক দিনেই ভিউ হয়েছে অনেক। এ গান সম্পর্কে কোনাল বলেন, ‘মেঘের কথা সুরে এত দরদ! সংগীতায়োজনটাও দারুণ হয়েছে। গানটি শুনেই গাইতে ইচ্ছে হলো। গেয়েও ফেললাম। গানটিতে শ্রোতা-দর্শকরা নতুনত্ব পেয়েছেন। অনুজ জিসান খান শুভ জন্যও শুভকামনা থাকল।’

ক্যারিয়ারের শুরু থেকেই বেশ বেছে বেছে কাজ করছেন চ্যানেল আই সেরাকণ্ঠ চ্যাম্পিয়ন সোমনুর মনির কোনাল। এখনো সেই ধারা অব্যাহত রয়েছে। বাণিজ্যিক বিষয়টি মাথায় রেখে কখনো গান করতে আগ্রহী নন তিনি। নিজ উদ্যেগে যে গানগুলো করেছেন তার সব কটিতেই মানের বিষয়ে লক্ষ রেখেছেন। তারই ধারাবাহিকতায় সম্প্রতি একাধিক গানের কাজ করেছেন। এগুলো প্রকাশের অপেক্ষায় রয়েছেন এ শিল্পী। গানগুলোতে ভিন্নধর্মী কোনালকেই শ্রোতারা খুঁজে পাবেন। এরই মধ্যে বিয়ে নিয়ে একটি গান করেছেন এ শিল্পী।

ঢালিউডে মুক্তি পাওয়া ‘পাসওয়ার্ড’-এ কোনালের ‘আগুন লাগাইল’ গানটি বেশ প্রশংসিত হয়েছে। এ গানের পর  ‘বিক্ষোভ’ ছবির আইটেম গান ‘সানি সানি’-তে কণ্ঠ দিয়েছেন কোনাল। এ গানে পারফর্ম করেছেন সানি লিওনি। মুম্বাইয়ে শুটিং হয়েছে গানটির। প্রিয় চট্টোপাধ্যায়ের কথায় সুর করেছেন আকাশ সেন। কোনাল বলেন, গানটি নিয়ে আমি এক্সাইটেড। এটা একটা পার্টি সং। আমার গানে নেচেছেন সানি লিওনি, এটা আসলে দেখার জন্য অপেক্ষা করছি।

গান, চাকরি ও সংসার-তিনটিই ছন্দময় গতিতে সামলাচ্ছেন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী কোনাল। এ নিয়ে কোনালের ভাষ্য, ‘যেকোনো কাজে প্রেম থাকাটা জরুরি। প্রেম থাকলে কাজের যত চাপই আসুক না কেন, সবই পারফেক্টলি হয়ে যায়। তারকা বলে সবকিছু ছেড়েছুড়ে থাকার পক্ষপাতী আমি নই। আমি গান ছাড়া নিজেকে চিন্তাও করতে পারি না। সংসার ছাড়া বাঁচতেও পারব না। আর চাকরিটাকেও আমি এনজয় করি। ফলে কোনোটিই ছাড়তে চাই না। যত পরিশ্রমই হোক না কেন সব শক্ত হাতে সামাল নিয়ে চাই।’

আসলেই তাই, কোনাল খুবই সাদামাটা থাকতে পছন্দ করেন। আবার পেশাগত কারণে গ্ল্যামারাস তারকা হয়েই উপস্থিত হন দর্শক-ভক্তের সামনে। তার আরেকটি বড় গুণ হলো, চমৎকার করে কথা বলতে পারেন। গানের মতো তার কথার জাদুতে মন্ত্রমুগ্ধ হওয়া ভক্তের সংখ্যাও নেহাত কম নয়। এ জন্য তাকে মাঝে মাঝে টিভি অনুষ্ঠানের উপস্থাপকের চেয়ারেও বসতে হয়। তবে নানামাত্রিক কাজে ব্যস্ত থাকলে প্রাণের সুধা খুঁজে পান নতুন কোনো গান গাইতে পারলে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads