কুষ্টিয়ার পৌর গোরস্থান এলাকার একটি ভাড়া বাড়ি থেকে তাসনিহা তাহরিন তমা (২০) নামের এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তমা ওড়নায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
আজ সোমবার মরদেহটি উদ্ধারে করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। কুষ্টিয়া সদর থানার (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আত্মঘাতী তমা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গঙ্গারামপুর গ্রামের তাসিকুল ইসলামের মেয়ে এবং কুষ্টিয়া সরকারি কলেজে ব্যাবস্থাপনা বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্রী।
স্থানীয়রা জানায়, তমা তার নিজ রুমে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এসময় তার কথিত প্রেমিক খাইরুর রহমান তাকে অনেকবার ফোন দেয়। ফোন না ধরায় খাইরুর ওই বাড়িতে যায় এবং গ্রিল কেটে ঘরের সিলিং থেকে ওড়না কেটে তমাকে উদ্ধার করে। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ওসি নাসির উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে আমরা মর্গে প্রেরণ করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে।





