কুমিল্লায় জনি নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে নগরীর শাকতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জনি (১৬) নগরীর গোবিন্দপুর এলাকার আবুল হাশেমের ছেলে। সে তার পরিবারের সাথে শাকতলা এলাকায় ভাড়া বাসায় থাকতো।
পুলিশ জানায়, বুধবার বিকালে জনি নগরীর শাকতলা এলাকায় বন্ধুদের নিয়ে ক্রিকেট খেলতে যায়। খেলা শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তার সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এরই জের ধরে পরবর্তীতে তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ঘাতকরা পালিয়ে যায়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
কুমিল্লা সদর দক্ষিণ থানার অধীন ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আব্দুল্লাহ আল-মামুন জানান, শরীরে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন রয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। দ্রুত ঘাতকদের গ্রেফতারে আমাদের তৎপরতা অব্যাহত আছে।





