করোনা মোকাবেলায় সরকারের উদাসীনতা ও ব্যর্থতা ফুটে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, করোনা ভাইরাস নিয়ে দেশজুড়ে আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হলেও সরকার রীতিমতো এ নিয়ে চরম উদাসীনতা ও খাম খেয়ালিপনা প্রদর্শন করে যাচ্ছে। মেগা প্রকল্পের নামে দেশে হরিলুট চললেও মানুষের জীবন বাঁচাতে কোনও ব্যবস্থা নেয়নি সরকার। করোনা মোকাবিলায় কোনও কার্যকর প্রস্তুতিই নেই। ১৩টি হটলাইন আর কয়েকটি হাসপাতালে জোড়াতালির প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, ‘দেশের বেশিরভাগ হাসপাতালে ভেন্টিলেটর মেশিনও নেই। চিকিৎসক ও নার্সদের নিরাপত্তা বা সুরক্ষার জন্য প্রয়োজনীয় মেডিক্যাল মাস্ক ও ইউনিফর্ম নেই। ভাইরাস প্রতিরোধী পোশাক (পিপিই) নেই।’
তিনি আরো বলেন, যখন বাংলা পরাধীন ছিল তখন জয়ের প্রশ্ন এসেছে। সুতরাং কোনো রাজনৈতিক দল কি স্লোগান দিবে তা আদালতের রায় দিয়ে নির্ধারিত হয়নি।





