ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আমলকি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে এক কলেজ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে উপাচার্য বাসভবনের সামনে এই ঘটনা ঘটে।
আহত ওই শিক্ষার্থীর নাম সাব্বির। সে বিশ্ববিদ্যালয়ের চঞ্চল নামের এক কর্মচারীর ছেলে। সাব্বির ক্যাম্পাস পার্শবর্তী ডিএম কলেজের বাংলা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী বলেও জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুরে আমলকি পাড়তে উপাচার্য বাসভবনের সামনের গাছে উঠলে ডাল ভেঙ্গে মাটিতে পড়ে যায়। এতে তার বাম হাত কনুই থেকে ভেঙ্গে যায় এবং মাথা ও মুখে গুরুতর আঘাত পায়। এসময় তার নাক ও মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে। পরে লোকজন জানতে পেরে তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠিয়ে দেন।





