আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কে দুরপাল্লার চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে থানা পুলিশ ডাকাতের হাত থেকে বাসটি উদ্ধার করে। এসময় বাসের মধ্যে থাকা নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ১০ যাত্রীকে উদ্ধার করা হয়। ঘটনার পর বাসের চালক, সুপারভাইজার ও হেলপার পলাতক রয়েছে।
গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় বাসটি আটক করে আশুলিয়া থানা পুলিশ।
ভুক্তভোগী যাত্রীরা জানান, ঢাকার গাবতলী বাস স্ট্যান্ড থেকে মাশফি পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-০৪৯০) নামের একটি দুরপাল্লার বাস কুড়িগ্রামের উদ্দেশ্যে কয়েকজন যাত্রী নিয়ে রওনা করেন। বাসটি আশুলিয়ার বাইপাইল হইতে কিছু যাত্রী উঠায়। যারা সকলেই ছিল যাত্রীবেশী ডাকাত দলের সদস্য। প্রথমে ডাকতরা বাসের চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে বাসটির নিজেদের নিয়ন্ত্রনে নেয়, পরে বাসে থাকা যাত্রীদের হাত পাঁ বেঁধে মারধর করে। বাসটি গাজীপুর চন্দ্রা পৌছে চালককে ঢাকা দিকে ইউটার্ন নিতে বাধ্য করে। বাসটি আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় পৌছালে যাত্রীদের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তাদের সহযোগতিায় পুলিশ বাসটি আটক করলেও ডাকাতরা পালিয়ে যায়।
এ ব্যাপারে আশুলিয়া থানার ওসি (অপারেশন) মো. মনিরুল হক ডাবলু জানান, চলন্ত বাসে ডাকাতির খবর পেয়ে পুলিশ পল্লীবিদ্যুৎ এলাকায় গিছে বাসটি আটক করে। পরে বাসটি থানায় নিয়ে আসা হয়। এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহ একজন আটক করা হয়েছে।





