সংগীতশিল্পীদের নতুন নতুন গান প্রকাশের ক্ষেত্রে একটি নান্দনিক মিউজিক ভিডিও এখন গুরুত্বপূর্ণ বিষয়। আর এ বিষয়টি বিবেচনা করেই নিজের প্রতিটি নতুন গানে নিজেকে বহুমাত্রিক চরিত্রে উপস্থাপন করছেন বাংলাদেশের সংগীতাঙ্গনের যুবরাজ আসিফ আকবর। তার নতুন মিউজিক ভিডিও ‘আমি তুমিময়’-তে এবার আসিফ আকবর নিজেকে একজন পুলিশ অফিসারের ভূমিকায় অবতীর্ণ করতে যাচ্ছেন। গানটির অডিও ভার্সন আগেই রিলিজ হয়েছিল। এতে তার সহশিল্পী ছিলেন পূজা। গানটি লিখেছেন মেহেদী হাসান লিমন, সুর করেছেন মোহাম্মদ লিমন এবং সংগীত করেছেন এম এম পি রনি। গত ২৮ ও ২৯ জুলাই রাজধানীর উত্তরায় ‘আমি তুমিময়’ গানটির মিউজিক ভিডিও সম্পন্ন হয়েছে। এটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ। গানটির মিউজিক ভিডিওতে আসিফ আকবরের সঙ্গে মডেল হয়েছেন সালহা খানম নাদিয়া।
গানটি প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘গানটি আগেই প্রকাশিত হওয়ার কারণে শ্রোতা, ভক্তদের কাছ থেকে সাড়া পেয়েছি। তাদের আগ্রহের কারণেই এবার গানটির মিউজিক ভিডিও নির্মিত হলো। ভিকি জায়েদের কাজ সবসময়ই আমার কাছে ভীষণ ভালো লাগে। কারণ তার গল্পের শেষ অংশে একটা টুইস্ট থাকে। এতে আমার সঙ্গে দ্বিতীয়বারের মতো মডেল হয়েছেন নাদিয়া। আমাদের দুজনের অনবদ্য অভিনয়েও মুগ্ধ হবেন দর্শক। আমার বিশ্বাস মিউজিক ভিডিওটি প্রকাশ পেলে গানটির জনপ্রিয়তা নিশ্চয়ই আরো বাড়বে।’
‘আমি তুমিময়’র মিউজিক ভিডিওটি সিডি চয়েজের ইউটিউব চ্যানেলে ঈদে প্রকাশ হবে। এর আগে আসিফ আকবর ও নাদিয়া ‘হূদয়ের জমানো কথা’ গানে একসঙ্গে প্রথম কাজ করেছিলেন। আসিফ জানান ঈদের আগ পর্যন্ত আরো নতুন তিনটি গানের মিউজিক ভিডিওর শুটিংয়ে অংশ নেবেন তিনি। এগুলো নির্মাণ করবেন চন্দন রায় চৌধুরী, সৌমিত্র ঘোষ ইমন ও জয় সরকার।
এরই মধ্যে আসিফ ‘দেবদাস’ গানের মিউজিক ভিডিওর কাজও সম্পন্ন করেছেন মানিকগঞ্জে। গানটি লিখেছেন রাজীব আহমেদ এবং সুর সংগীত করেছেন শাহরিয়ার রাফাত। এটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। এটি প্রকাশিত হবে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে। শেষ করেছেন সৌমিত্র ঘোষ ইমনের নির্দেশনায় ‘কি ছিলো ভুল’ গানের মিউজিক ভিডিওর কাজ। এটি লিখেছেন আহমেদ রিজভী, সুর সংগীত করেছেন কিশোর। প্রকাশিত হবে এসএস মিউজিক ক্লাবে। এ ছাড়াও এরই মধ্যে শেষ হয়েছে আসিফ আকবরের ‘আমার বিশ্বাস’ গানের মিউজিক ভিডিওর কাজ। এটি নির্মাণ করেছেন ফেরারী ফরহাদ। গানটি লিখেছেন ইথুন বাবু, সুর সংগীত করেছেন কিশোর।





